নিজস্ব প্রতিবেদক : দুর্ঘটনা রোধে রাজধানী ঢাকাসহ সারা দেশে সিএনজিচালিত (কমপ্রেসড ন্যাচারাল গ্যাস) সব ধরনের যানবাহনের গ্যাস সিলিন্ডার পুনঃপরীক্ষার দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।
মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারবাহী যানবাহন মালিকদের অবিলম্বে আইনের আওতায় আনতে সংক্ষিপ্ত সময়সীমা বেঁধে দেয়ার দাবিও জানিয়েছেন সংগঠনের নেতারা।
সোমবার জাতীয় কমিটির উপদেষ্টা প্রবীণ রাজনীতিবিদ মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক যুক্ত বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) শর্ত অনুযায়ী প্রতি তিন বছর পর যানবাহনের গ্যাস সিলিন্ডার পরীক্ষার বাধ্যবাধকতা রয়েছে। অথচ গত ১৫ বছরে বাস, মিনিবাস, প্রাইভেট কার ও অটোরিক্সা মিলিয়ে মাত্র ১৫ শতাংশ যানবাহনের গ্যাস সিলিন্ডার পুনঃপরীক্ষা করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয় মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ব্যবহারের কারণে এসব যানবাহন প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ ছাড়া বিভিন্ন সময় বিস্ফোরণ ঘটছে, অনেক ক্ষেত্রে প্রাণহানির ঘটনাও ঘটছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, শুধুমাত্র রাজধানীতেই সরকারি-বেসরকারি মিলিয়ে তিন লাখ প্রাইভেট কার, অটোরিকশা ও বাসসহ প্রায় পাঁচ লাখ সিএনজিচালিত যানবাহন রয়েছে। কিন্তু বেসরকারি পরিবহন মালিকসহ সরকারি প্রতিষ্ঠানগুলো আরপিজিসিএলের শর্ত লঙ্ঘন করে বছরের পর বছর ধরে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার করে চলেছে। অথচ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), পুলিশ ও আরপিজিসিএল এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না।
দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত প্রাণহানি রোধে এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন এনসিপিএসআরআর নেতারা।

