অর্থনৈতিক প্রতিবেদক : এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) কাছে নয়টি মেগা প্রকল্পে বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার বিকেলে নগরীর শেরে বাংলানগরে অর্থমন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।
এর আগে মন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই জাং, ইউএন সহকারী মহাসচিব হাওলিং জু এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘নয়টি বড় প্রকল্পে অর্থায়ন করার বিষয়ে এআইআইবিকে আমরা প্রস্তাব দিয়েছি। ২০১৬ সালের জানুয়ারি মাসে এআইআইবির একটি বোর্ড মিটিং হবে, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হবে তারা আমাদের এসব প্রকল্পে অর্থায়ন করে কিনা। প্রকল্পগুলোতে আমাদের অনেক অর্থের প্রয়োজন। ’
মেগা নয়টি প্রকল্পের মধ্যে রূপপুরে ১২ বিলিয়ন, পদ্মাসেতুতে ৩ বিলিয়ন, এলএনজির জন্য ২ বিলিয়ন, সোনাদিয়া গভীর সমুদ্র বন্দরের জন্য ৪ বিলিয়ন, মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে আড়াই বিলিয়ন, রামপাল বিদ্যুৎ প্রকল্পে ২ বিলিয়ন ও মেট্টোরেল প্রকল্পের জন্য ২ বিলিয়ন খরচ হবে বলে জানান অর্থমন্ত্রী।
পুঁজিবাজারে বিনিয়োগের সময় বাড়ানোর কথা উল্লেখ করে মুহিত বলেন, ‘পুঁজিবাজারে ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর বাড়তি বিনিয়োগ সমন্বয়ের সময়সীমা দু’বছর বাড়ানো হবে। ২০১৫ সালে জুলাইয়ে সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। এটা বাড়িয়ে ২০১৭ সাল পর্যন্ত করা হবে। তা না হলে পুঁজিবাজারে অস্থিরতা আসতে পারে।’
তিনি আরো বলেন, ‘এ আইনের কারণে ক্যাপিটাল মার্কেটে ক্ষতি হচ্ছে, ক্যাপিটাল মার্কেটে প্যানিক সৃষ্টি হচ্ছে। আইন সংশোধন করে দু’বছর বাড়িয়ে দেয়া হবে। আইনটি দ্রুত মন্ত্রিসভায় অনুমোদনের জন্য তোলা হবে। এডিবিও ক্যাপিটাল মার্কেট উন্নয়নে সহায়তা করছে।’
এডিবি যেন ভবিষ্যতে আরও সহায়তা করে সে বিষয়েও প্রস্তাব দেয়া হয়েছে বলে জানান তিনি।

