চুয়াডাঙ্গা প্রতিনিধি : নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি নূর হোসেনকে রিমান্ডে নেয়ার দাবি জানালেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
রিমান্ডে না নিলে জনমনে সন্দেহ দানা বাঁধবে- এমন মন্তব্য করে ড. মিজান বলেছেন, ‘নূর হোসেনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে বলে রিমান্ডে নেয়া যাবে না, এ কথা গ্রহণযোগ্য নয়।’
রোববার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সকলের জন্য মানবাধিকার : প্রসঙ্গ অস্পৃশ্যতা’ শীর্ষক সেমিনার শেষে গণমাধ্যমকর্মীদের কাছে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশন আয়োজিত ওই সেমিনার শেষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরো বলেন, ‘আদালতের আদেশের মাধ্যমে নূর হোসেনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ না করা হলে জনমনে সন্দেহ বাসা বাঁধবে। মামলার দিক পরিবর্তনের আশঙ্কাও রয়েছে।’
এর আগে সমাজের হরিজন সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা ও এর সমাধান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- প্রখ্যাত উপন্যাসিক সেলিনা খাতুন, পুলিশ সুপার মো. রশীদুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলাম ও হরিজন সম্প্রদায়ের নেতারা।
কথাশিল্পী সেলিনা হোসেন তার বক্তব্যে বলেন, ‘প্রশাসন যদি এগিয়ে আসেন তাহলে খুব তাড়াতাড়ি সমাজ থেকে অস্পৃশ্যতা নামক বৈষম্য দুর হয়ে যাবে।’

