নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফর বাতিল করা হয়েছে। ইউনেস্কোর সাধারণ সম্মেলনে যোগ দিতে আগামীকাল সোমবার তিন দিনের সফরে তার ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার কথা ছিল।
সরকারের বহির্সম্প্রচার বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, প্রধানমন্ত্রীর প্যারিস সফর বাতিলের সিদ্ধান্ত আজ রোববার দুপুরে নেয়া হয়েছে। তিনদিনের এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের বৈঠকের কথা ছিল। ইউনেস্কোর সাধারণ সম্মেলন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।
এদিকে প্রধানমন্ত্রীর ফ্রান্স সফর নিয়ে জানাতে আজ বিকেল ৩টায় একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সংবাদ সম্মেলনও বাতিল করা হয়েছে।
তবে ঠিক কী কারণে প্রধানমন্ত্রীর এই সফর বাতিল করা হলো সে ব্ষিয়ে স্পষ্ট করে কেউ কিছু বলছেন না।
প্রসঙ্গত, শুক্রবার রাতে প্যারিসের ছয়টি জায়গায় আলাদা হামলায় দেড় শতাধিক নিহত হয়েছেন। যদিও সরকারি হিসাবে তা ১২৮। এই বর্বর ঘটনার পর ফ্রান্সে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার প্যারিসে কারফিউও জারি করা হয়েছে। সীমান্ত এলাকা একেবারে সিল করে দেয়া হয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় নড়েচড়ে উঠেছে সারা বিশ্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সন্ত্রাসবিরোধী আন্দোলনে ফ্রান্সের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

