ঢাকাFriday , 13 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নূর হোসেনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ

Link Copied!

nur-hossenনিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় প্রধান আসামি নূর হোসেনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ১১ মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট বা সরাসরি জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ভারত থেকে ফেরানো নূর হোসেনকে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত এ নির্দেশ দেন। এসময় তার পক্ষের কোনো আইনজীবী আদালতে ছিলেন না। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ৩০ জনেরও অধিক আইনজীবী।
শুক্রবার জুমার নামাজের পর বেলা ২টা ৩৩ মিনিটে তাকে আদালতে হাজির করা হয়। নারায়ণগঞ্জ পুলিশ লাইন থেকে তাকে সরাসরি আদালতে নিয়ে আসা হয়।
এর আগে সকাল ৮টায় কঠোর নিরাপত্তা ব্যবস্থায় নূর হোসেনকে নারায়ণগঞ্জে এনে তাকে পুলিশ লাইনে রাখা হয়। সেই থেকে ওই ঘটনায় নিহত পরিবারের স্বজনরা একে একে ভিড় করতে থাকেন আদালতপাড়ায়। কখন নূর হোসেনকে নিয়ে আসা হবে, কখন নূর হোসেনের মুখ থেকে বের হবে হত্যাকাহিনী।
এদিকে উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের একদিন পরই নূর হোসেনকে ফেরত দেয় ভারত। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (জিবিবি) কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তখনই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিবিজির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
মেজর জেনারেল আজিজ আহমেদ গণমাধ্যমকে জানান, প্রথমে ভারতীয় পুলিশ নূর হোসেনকে বিএসএফ’র কাছে তুলে দেয়। বিএসএফ তাকে নিয়ে জিরো পয়েন্টে আসে। সেখানে আসার পরে বিএসএফ তাকে বিজিবির হাতে তুলে দেয়।
নূর হোসেন যখন পশ্চিমবঙ্গে পালিয়ে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন তার পর থেকেই ধারণা করা হচ্ছিল, অনুপ চেটিয়ার বিনিময়ে তাকে ফেরত এনে বিচারের আওতায় আনা হবে। ভারত-বাংলাদেশ বন্দিবিনিময় চুক্তি না থাকায় সে প্রক্রিয়াতে এগুনো সম্ভব ছিল না। কিন্তু পরবর্তীতে বন্দি প্রত্যর্পণ চুক্তি হলেও নানা জটিলতায় তাকে ফেরত আনা সম্ভব হয়নি।
ওদিকে স্থানীয় আদালতে নূর হোসেনের বিচারপ্রক্রিয়া চলছিল। সর্বশেষ পশ্চিমবঙ্গের একটি আদালত ১৫ ডিসেম্বরের মধ্যে তাকে ফেরত দেয়ার নির্দেশ দেন। তবে অনুপ চেটিয়াকে ফেরত দেয়ায় নূর হোসেনকে ফেরতের প্রক্রিয়া ত্বরান্বিত হলো বলে অনেকে মনে করছেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিনদিন পর ২৯ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায় তাদের লাশ।
নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম সে সময় অভিযোগ করেন, র‌্যাবকে ছয় কোটি টাকা দিয়ে সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগ নেতা নূর হোসেন ওই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পরে র‌্যাবের অভ্যন্তরীণ তদন্তেও তার সত্যতা পাওয়া যায়। হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর গত ৮ এপ্রিল নূর হোসেন এবং র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
দু’টি মামলায় ৩৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিলেও সে সময় অধরা ছিল মূল নায়ক নূর হোসেনসহ ১৩ জন আসামি। ঘটনার পর দায়ের করা একটি মামলায় এজাহার নামীয় ৫ আসামিও ধরা ছোঁয়ার বাইরে থাকার মধ্য দিয়ে হত্যাকাণ্ডের বছর পূর্ণ হয়েছিল।