ঢাকাThursday , 12 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাটজাত মোড়ক ব্যবহারে সাঁড়াশি অভিযান

Link Copied!

juteঅর্থনৈতিক প্রতিবেদক : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাস্তবায়নের লক্ষ্যে চাহিদা অনুযায়ী পাটের বস্তা সরবরাহ নিশ্চিত করা হবে। এর পাশপাশি মজুদ ও মনিটরিং করা হবে। এজন্য আগামী ১ ডিসেম্বর থেকে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।
বুধবার বস্ত্র ও পাট  মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নের প্রস্তুতি ও পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা আজম বলেন, ‘আগামী ১ ডিসেম্বর থেকে সারা দেশে একযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। একই সময়ে পর্যাপ্ত মনিটরিংয়ের ব্যবস্থা রাখতে হবে। ওই সময়ে মনিটরিংয়ের মাধ্যমে ব্যবসায়িরা ঠিকমতো পাটের বস্তা পাচ্ছেন কি না, কোথাও ঘাটতি দেখা দিচ্ছে কি না এবং কোথাও পাটের বস্তা মজুদ হচ্ছে কি না তা খেয়াল রাখা হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিতকরণের পাশাপাশি জনস্বাস্থ্য ও পরিবেশবিরোধী প্লাস্টিক এবং পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে। দেশের প্রধান অর্থকরী ফসল পাটের অতীত গৌরব ফিরিয়ে এনে পরিবেশবান্ধব দেশ গড়তে হবে। ইতোমধ্যে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এ আইনে বাস্তবায়নে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পূর্ণভাবে প্রস্তুত আছে।’
তিনি বলেন, ‘সারা দেশে পাটের বস্তা সরবরাহ নিশ্চিতকরণ এবং এ আইন বাস্তবায়নে প্রধান ভূমিকা পালন করবে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি)।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের গৃহীত নীতিমালা ও পরিকল্পনাকে কাজে লাগিয়ে পাট ও বস্ত্রখাতের রপ্তানি বাজার সম্প্রসারণ, বৈদেশিক মুদ্রা অর্জন, পরিবেশ রক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত করার ক্ষেত্রে এ মন্ত্রণালয় সফল হবে।’
সভায়  বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, মো. মেসবাহুল ইসলাম, বিজেএমসি চেয়ারম্যান  মেজর জেনারেল হুমায়ূন খালেদ (অব.), পাট অধিদপ্তরের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।