অর্থনৈতিক প্রতিবেদক : দরপতন যেন শেয়ারবাজারের পিছু ছাড়ছে না। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের পতন ধারায় লেনদেন শেষ হয়েছে। এনিয়ে টানা পাঁচ কার্যদিবস দরপতন হয়েছে শেয়ারবাজারে। পতনবৃত্ত থেকে কোনোভাবে ঘুরে দাঁড়াতে পারছে না শেয়ারবাজার। এদিন টাকার অংকে লেনদেনের পাশাপাশি কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট দর।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, মঙ্গলবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৪১০ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়াহ সূচক ডিএসইএস ২ পয়েন্ট কমে ১ হাজার ৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮১ পয়েন্টে অবস্থান করছে।
দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট, যা আগের দিনের চেয়ে ২৭ কোটি টাকা কম। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩২১ কোটি ৯৩ লাখ টাকা।
ডিএসইতে ৩১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১৬৪টির আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২৮ পয়েন্ট কমে ৮ হাজার ১৮৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক দশমিক ৯৫ পয়েন্ট কমে ৯৮৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪১ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৬১ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক দশমিক ৭০ পয়েন্ট কমে ৯৪২ পয়েন্টে অবস্থান করছে। তবে সিএসই৩০ সূচক দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন সিএসইতে মোট ২৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৭৯টির, কমেছে ১২৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ১৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সিএসইতে সোমবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ৩৬ লাখ টাকা।

