পাঞ্জেরী ডেস্ক : বাংলাদেশ নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট ও হেলিকপ্টারের জন্য নির্মিত নিজস্ব এভিয়েশন হ্যাঙ্গার উদ্বোধন করা হয়েছে। সোমবার চট্টগ্রাম বিমান বন্দর সংলগ্ন সিভিল এভিয়েশন এলাকায় নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত এই এভিয়েশন হ্যাঙ্গারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নবনির্মিত এই হ্যাঙ্গার উদ্বোধনের ফলে সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষায় নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট ও হেলিকপ্টারসমূহ অপারেশন পরিচালনায় স্বয়ংসম্পূর্ণতা লাভ করবে। এই হ্যাঙ্গার নির্মাণের ফলে যেকোন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট ও হেলিকপ্টারসমূহ সার্বক্ষণিক সুরক্ষিত থেকে অপারেশন কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে।
উল্লেখ্য, ২০১১ সালে বাংলাদেশ নৌবাহিনীতে দুইটি AW-109 শীপবর্ণ মেরিটাইম হেলিকপ্টার সংগ্রহের মাধ্যমে বহুল প্রতিক্ষিত নেভাল এভিয়েশন উইং এর যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০১৩ সালে দুইটি DORNIER-228NG নেভাল এভিয়েশনে সংযোজিত হয়।
এভিয়েশন হ্যাঙ্গারের উদ্বোধনের আগে নৌ প্রধানকে অনুষ্ঠানস্থলে স্বাগত জানান কমান্ডার চট্টগ্রাম নৌঅঞ্চল রিয়ার এডমিরাল আখতার হাবীব, নেভাল এভিয়েশান কমডোর এম আবু আশরাফ। এ সময় সহকারী নৌ প্রধান (অপারেশান্স) সহ চট্টগ্রামের অন্যান্য নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

