অর্থনৈতিক প্রতিবেদক : স্কুল ব্যাংকিংয়ের পরিধি সম্প্রসারণে লক্ষ্যমাত্রাভিত্তিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যাপারে সব তফসিলী ব্যাংককে স্বনির্ধারিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে বলা হয়েছে।
রোববার বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট থেকে জারিকৃত সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়েছে।
এতে বলা হয়, শিক্ষার্থীদের মাঝে আর্থিকশিক্ষা প্রসারের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে স্কুল ব্যাংকিং হিসাব খোলা ও পরিচালনার উদ্দেশে সব ব্যাংক স্বনির্ধারিত বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে। প্রতি বছর ডিসেম্বর মাসের মধ্যে পরবর্তী বছরের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে হবে। ব্যাংকগুলো এ লক্ষ্যমাত্রা অর্জনে এবং আর্থিকশিক্ষা প্রসারে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করবে।
সার্কুলারে বলা হয়েছে, তফসিলি ব্যাংকের প্রতিটি শাখা বছরে ন্যূনতম একবার তার এলাকার মধ্যে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে আগামী জানুয়ারি থেকে ত্রৈমাসিকভিত্তিতে ছাত্র-ছাত্রীদের মধ্যে আর্থিক শিক্ষাকার্যক্রম পরিচালনা করবে। এ লক্ষ্যে সব ব্যাংককে শিক্ষার্থীদের উপযোগী আর্থিকশিক্ষা উপকরণ প্রস্তুত করতে হবে।
নির্দেশানুযায়ী, সংশ্লিষ্ট ব্যাংক শিক্ষার্থীদের টিউশন ফি-সহ অন্যান্য ফি বা চার্জ গ্রহণে এবং শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় আর্থিক সেবার বিষয়ে যথাযথ কার্যক্রম গ্রহণ করবে। সুযোগ থাকলে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সুবিধা গ্রহণ করে এ কার্যক্রমের গতি বাড়াতে হবে। আর্থিক শিক্ষা প্রসারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয়ে প্রচার করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, সংশ্লিষ্ট তফসিলী ব্যাংকের পক্ষ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং হিসাব খোলার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে মাসে অন্তত একবার শিক্ষার্থীদের সঞ্চয় সংগ্রহের জন্য ভ্রাম্যমাণ কাউন্টার স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেতে হবে।

