ঢাকাSunday , 8 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১০ বছরে প্রবাসে মারা গেছে ২৫ হাজার শ্রমিক

Link Copied!

workerনিজস্ব প্রতিবেদক : ২০০৫ থেকে এ বছরের আগস্ট পর্যন্ত ১০ বছর ৮ মাসে বিদেশের মাটিতে মারা গেছেন প্রায় সাড়ে ২৫ হাজার বাংলাদেশি শ্রমিক। এদের মধ্যে সবচেয়ে বেশি শ্রমিক মারা গেছে সৌদি আরবে। এই সময়ের মধ্যে সৌদি আরবে শ্রমিকের মৃত্যু সংখ্যা প্রায় সাড়ে ৬ হাজার।
অন্যদেশে কাজ করতে গিয়ে মারা যাওয়া শ্রমিক নিয়ে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের করা এক পরিসংখ্যানে এসব তথ্য জানা গেছে। বিশ্বের বিভিন্ন দেশে কাজ করতে গিয়ে নানা দুর্ঘটনা এবং নিজেদের মধ্যে কলহে এসব শ্রমিক মারা গেছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএমইটির এক পরিচালক বলেন, ‘বিদেশে স্বাভাবিকভাবে শ্রমিক মারা যাওয়ার সংখ্যা খুবই কম। কোনো না কোনোভাবে দুর্ঘটনা ঘটিয়ে মারা গেছে এমন শ্রমিকের সংখ্যা অনেক বেশি।  নিজেদের মধ্যে মারামারি করে মারা গেছে এর সংখ্যাও কম নয়।’
তিনি জানান, এই পরিসংখ্যান বিভিন্ন দেশে সংগঠিত যুদ্ধে নিহত হওয়া শ্রমিকদের নয়। এসব পরিসংখ্যান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের লাশ পরিবহন হিসাবে করা হয়েছে। কিন্তু বাস্তবে এর চাইতে বেশি বাংলাদেশি শ্রমিক বিদেশের মাটিতে মারা যেতে পারে।
বিএমইটির এই পরিচালক বলেন, ‘অনেক শ্রমিক মারা যাওয়ার পর মন্ত্রণালয় ও আমাদের সংস্থার অগোচরেই লাশ নিয়ে আসা হয়। আবার কিছু শ্রমিকের লাশ যে দেশে মারা যায় সেখানেই দাফন করা হয়।  তাই বলা যায় বাস্তবে এর সংখ্যা আরো বেশি হতে পারে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কাজ করতে গিয়ে বেশি বাংলাদেশি শ্রমিক মারা গেছে মধ্যপ্রাচ্যের দেশ ও সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানিকারক দেশ সৌদি আরবে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ শ্রমিক মারা গেছে মালয়েশিয়াতে। ২০০৫ থেকে এ বছরের আগস্ট পর্যন্ত মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমিক মারা গেছে প্রায় ৩ হাজার ৭০৪ জন। সংযুক্ত আরব আমিরাতে মারা গেছে ২ হাজার ৬১৭ জন শ্রমিক, কুয়েতে মারা গেছে ১ হাজার ১৭৫ জন, ভারতে মারা গেছে সাড়ে ৮০০ জন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মারা গেছে ৮৮০ জন।
এছাড়া বিদেশের মাটিতে মারা যাওয়া বাংলাদেশি শ্রমিকের লাশ গ্রহণের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৫ সালে বাংলাদেশি শ্রমিক মারা গেছে ১ হাজার ২৪৮ জন। একইভাবে ২০০৬ সালে ১ হাজার ৪০২ জন, ২০০৭ সালে ১ হাজার ৬৭৩ জন, ২০০৮ সালে ২ হাজার ৯৮ জন, ২০০৯ সালে ২ হাজার ৩১৫ জন,  ২০১০ সালে ২ হাজার ৫৬০ জন, ২০১১ সালে ২ হাজার ৫৮৫, ২০১২ সালে ২ হাজার ৮৭৮ জন,  ২০১৩ সালে ৩ হাজার ৭৬ জন, ২০১৪ সালে ৩ হাজার ৩৩৫ জন এবং ২০১৫ সালের আগস্ট মাস পর্যন্ত ২ হাজার ২৪৩ জনসহ মোট ২৫ হাজার ৪১৩ জন মারা গেছে।