পাঞ্জেরী ডেস্ক : আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ইউনেস্কোর ক্যাটাগরি-২ ইনস্টিটিউটের স্বীকৃতি লাভ করেছে। গত শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর সদরদপ্তরে জাতিসংঘ সংস্থাটির সাধারণ সম্মেলনের চলমান ৩৮তম অধিবেশনে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ অধিবেশনে বক্তৃতায় ইউনেস্কো সাধারণ সম্মেলনের নবনির্বাচিত সহ-সভাপতি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দেশের মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি বিশ্ব সম্প্রদায়ের শ্রদ্ধার নিদর্শন হিসেবে নির্মিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে ক্যাটাগরি-২-তে উন্নীত করায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইউনেস্কোর সব সদস্যদেশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নাহিদ বলেন, ‘ইউনেস্কোর সহযোগিতায় ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রতিষ্ঠা মাতৃভাষার মাধ্যমে শিক্ষাগ্রহণের গুরুত্ব, ভাষাগত বৈচিত্র ও বহুভাষা ব্যবস্থার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার প্রকাশ পেয়েছে।’
শিক্ষামন্ত্রী তার বক্তৃতায় ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষা করতে গিয়ে পাকিস্তানি শাসকদের বুলেটের আঘাতে অনেক ছাত্রের শহীদ হওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো সেসব শহীদের আত্মদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।’
শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগ ও পৃষ্ঠপোষকতার কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘জাতিসংঘ সংস্থায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মর্যাদা বৃদ্ধির ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রম অনেক বৃদ্ধি পাবে।’

