অর্থনৈতিক প্রতিবেদক : ব্র্যাক ব্যাংক লিমিটডের পরিচালনা পর্ষদ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিচ্ছেন সেলিম আর এফ হোসেন। তিনি আগামীকাল দায়িত্ব গ্রহণ করবেন।
শনিবার ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্র্যাক ব্যাংকে যোগদানের পূর্বে সেলিম আর এফ হোসেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত আইডিএলসির দুটি অঙ্গপ্রতিষ্ঠান আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড এবং আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানও ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক ডিগ্রি এবং একই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ (মেজর ইন ফাইন্যান্স) ডিগ্রি অর্জন করেন। ২০১০ সালে আইডিএলসিতে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশের দু’টি বৃহত্তম বহুজাতিক ব্যাংক এএনজেড গ্রিন্ডলেইজ ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ২৪ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
আইডিএলসিতে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ভারতের মুম্বাইয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কনজ্যুমার ব্যাংকিং বিভাগের ফাইন্যান্স ও স্ট্র্যাটেজির প্রধান ছিলেন। তিনি বাংলাদেশে ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করেন। ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশের (সিআরএবি) পরিচালক ছিলেন। ২০১২ সাল থেকে বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সেলিম আর এফ হোসেন।
ব্র্যাক ব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, ব্র্যাক সাজন এক্সচেঞ্চ লিমিটেড, ব্র্যাক ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস লিমিটেড এবং ব্র্যাকের সাম্প্রতিক বিনিয়োগ, আইপিডিসি বাংলাদেশের পরিচালকের দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।

