নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনের মতো দলীয়ভাবে পৌরসভা নির্বাচনেও প্রার্থীর পক্ষে প্রচারণায় মন্ত্রী-সাংসদদের অংশ নেয়ার সুযোগ রাখার প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। এমন কথাই জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।
তিনি বলেন, ‘দশম সংসদ নির্বাচনের মতোই সরকারের ‘অতি গুরুত্বপূর্ণ’ ব্যক্তিরা সরকারি সুবিধা ছেড়ে প্রচারণা করতে পারবেন।’
বৃহস্পতিবার স্থানীয় সরকার পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালার সংশোধন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
শাহনেওয়াজ বলেন, ‘সরকারি সুবিধা ছেড়ে অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরা দলের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে পারবেন-খসড়া বিধিতে এ সুপারিশ করেছি আমরা।’
তিনি জানান, দলভিত্তিক পৌরসভা নির্বাচন অনুষ্ঠানে অধ্যাদেশ জারির পর নির্বাচন বিধিমালা ও আচরণ বিধিমালা সংশোধনের কপি আইন মন্ত্রণালয়ে প্রস্তাব হিসেবে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের ভেটিং শেষে সংশোধিত বিধিমালা জারি করবে ইসি।
বিদ্যমান আইনে স্থানীয় সরকারে মন্ত্রী-সাংসদ, মেয়রদের প্রচারণায় অংশ নেয়ায় নিষেধাজ্ঞা রয়েছে।
তবে দলীয়ভাবে এ নির্বাচন হওয়ায় সংসদ নির্বাচনের মতোই আচরণবিধি করা হচ্ছে বলে জানান এ নির্বাচন কমিশনার।
ইসি কর্মকর্তারা জানান, দশম সংসদ নির্বাচনে ‘নির্বাচনকালীন সময়ে’ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুবিধা নিয়ে প্রচারণা করায় নিষেধাজ্ঞা ছিল। এবার দলভিত্তিক হওয়ায় স্থানীয় নির্বাচনেও একই বিধান প্রযোজ্য হবে।

