বিনোদন ডেস্ক : তামিল জনপ্রিয় ছবি ‘হিম্মতওয়ালা’র বাংলা ভার্সন করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় উপস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস। ছবির নাম দিয়েছেন ‘হিরোগিরি’। আর এই ছবির একটি গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ ও আঁখি আলমগীর।
জানা গেছে, দীর্ঘদিন পর ফের নতুন সিনেমা নির্মাণ করার পরিকল্পনা করছেন দেবাশীষ বিশ্বাস। কিন্তু হঠাৎ করেই ছবির নাম ঘোষণা করলেন তিনি। বললেন তামিল ছবি ‘হিম্মতওয়ালা’র কপিরাইট নিয়েই তিনি নির্মাণ করতে যাচ্ছেন তার নতুন ছবি ‘হিরোগিরি’। ঘোষণা দিয়েই ছবির কাজে এরইমধ্যে নেমেও গেলেন দেবাষীষ। এরইমধ্যে রেকর্ড করে ফেললেন ‘হিরোগিরি’র প্রথম একটি গান। জনপ্রিয় সঙ্গীতশিল্পী দেবাশীষ বিশ্বাস ও আঁখি আলমগীরের দ্বৈত এ গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। আর সুর ও সংগীত করেছেন গুণী সংগীত পরিচালক ইমন সাহা।
এ সম্পর্কে নির্মাতা দেবাশীষ বিশ্বাস বলেন, হ্যাঁ, ‘হিরোগিরি’ নামে নতুন ছবি করতে যাচ্ছি। আর এই ছবির জন্যই একটি গানে গতকাল (৪ নভেম্বর) কন্ঠ দিলেন কুমার বিশ্বজিৎ দাদা ও আঁখি আলমগীর। গানটির মিউজিক করেছেন ইমন শাহা।
‘হিরোগিরি’-তে কারা অভিনয় করবেন এ সম্পর্কে জানতে চাইলে দেবাশীষ বলেন, কারা অভিনয় করবে এই বিষয়টি এখনো ঠিক করেনি। তবে শিগগিরই বিষয়টি জানিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, শুভ বিবাহ, ভালোবাসা জিন্দাবাদ নামের সিনেমাগুলো নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন দেবাশীষ বিশ্বাস।

