স্পোর্টস ডেস্ক : আগামী বছর ফেব্রুয়ারিতে টানা তৃতীয়বারের মতো বাংলাদেশে বসবে এশিয়া কাপের আসর। এমনকি এই টুর্নামেন্টের বাছাই পর্বের খেলাগুলোও বাংলাদেশে অনুষ্ঠিত হবে।
যদিও চার দলকে নিয়ে নভেম্বরের তৃতীয় সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে এই বাছাই পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ইএসপিএন-ক্রিকইনফোর দাবি অনুযায়ী, বাছাইপর্বের ভেন্যু ও তারিখ নতুন করে নির্ধারিত হয়েছে। মূল টুর্নামেন্টের ঠিক আগে আগামী ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি বাছাইপর্বের খেলাগুলো বাংলাদেশেই হবে। আর এশিয়া কাপ শুরু হওয়ার কথা আগামী ২৪ ফেব্রুয়ারি।
মূলত এশিয়া কাপের পঞ্চম দল নির্ধারণে অনুষ্ঠিত হবে বাছাইপর্ব। অংশ নেবে ওমান, আরব আমিরাত, হংকং ও গত এশিয়া কাপে খেলা আফগানিস্তান। প্রতি দল একবার করে মুখোমুখি হবে পরস্পরের। সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দলটি ২০১৬ আসরে খেলার সুযোগ পাবে। যদি দু’দলের পয়েন্ট সমান হয় তবে টাইব্রেকারের জন্য নেট রান রেট ব্যবহার করা হতে পারে। শীর্ষ দল যোগ্যতা অর্জন করবে মূল টুর্নামেন্টে খেলার।
এদিকে টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপ আয়োজনে স্বাগতিক দল হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের আগের আসরগুলো ৫০ ওভারের হলেও এবারের আসরটি হচ্ছে টি-২০ ফরম্যাটের। কারণ ভারতে ২০১৬’র মার্চে টি-২০ বিশ্বকাপ হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

