গাজীপুর প্রতিনিধি : জেলার শ্রীপুরে শিশু শিক্ষার্থীকে গলা কেটে হত্যার দায়ে নিহত ওই শিক্ষার্থীর মামাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ এক যুবককে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, গত ৩০ অক্টোবর রাতে শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের নানার বাড়িতে স্কুল শিক্ষার্থী নাজনীন আক্তারকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।
পরে এ ঘটনায় স্থানীয় আব্দুল করিম, কাদেরসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে পুলিশ তদন্ত করে জানতে পারে, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। আর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাজনীনের মামা রিপনকে ঢাকার রামপুরা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিমতে একই এলাকা থেকে রবিউল নামে অপর একজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে হত্যায় ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়।
এদিকে, গেল রোববার শ্রীপুরের মাওনায় স্থানীয় মফিজ উদ্দিনের ভাড়া বাসায় চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত রাতে মেহেদি হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মেহেদি হাসান মাওনার উত্তরপাড়ার মফিজউদ্দিনের ছেলে। ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা হয়েছে।
এ সময় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন থানার ওসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

