চুয়াডাঙ্গা প্রতিনিধি : জেলার জীবননগর পৌর শহরের আশতলাপাড়া থেকে শার্টারগান, এয়ারগান, বন্দুকের বাট, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ জহুরুল ইসলামকে(৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত আটটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বেলা ১০টায় সাংবাদিকদের এ তথ্য জানায় পুলিশ।
জহুরুল জানান, তিনি একজন দক্ষ আগ্নেয়াস্ত্র মেরামতকারী। এলাকার বিভিন্ন লোকজন তার কাছে এয়ারগানসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র মেরামত করতে দেয়। তবে তার সরকার অনুমোদিত কোনো লাইসেন্স নেই। উদ্ধারকৃত সরঞ্জাম দিয়ে আগ্নেয়াস্ত্র তৈরি করা যায় কিনা তা তিনি জানেন না। তবে ওই সব সরঞ্জাম দিয়ে বিভিন্ন আগ্নেয়াস্ত্র মেরামত করা যায় বলে তিনি তা করতেন।
জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসেম বলেন, ‘জহুরুল ইসলাম একজন ছদ্মবেশী আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি শার্টারগান, তিনটি এয়ারগান, ২৪ প্রকার আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

