আবুল হায়াত বাচ্চু,সাভার : আশুলিয়ার গোড়াট এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ জামান হোসেন রানা নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ আক্তার হোসেন নামের তার এক সহযোগীকে আটক করেন। সোমবার দুপুরে গোড়াট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত জামান আশুলিয়া থানার গোরাট এলাকার মেজবা উদ্দিন মন্ডলের ছেলে। সে ইয়ারপুর ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি ও থানা যুবলীগের সদস্য।
পুলিশ ও প্রতেক্ষ্যদর্শী সুত্রে জানা গেছে, আটককৃতরা সোমবার দুপুরে একটি হিন্দু পরিবারের জমি দখল করতে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুড়াফেরা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের দেহ তল্লাশী করে জামানের কোমর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। জামানের বিরুদ্ধে আশুলিয়া থানায় চাঁদাবাজি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মহসিনুল কাদির অস্ত্রসহ আটকের সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোড়াট এলাকা থেকে বিদেশি পিস্তলসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


