নিজস্ব প্রতিবেদক : বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘গণজাগরণ মঞ্চ কোনো রাজনৈতিক দল নয়। আর বিএনপি কোনো ব্লেম গেমে বিশ্বাস করে না। তাই মঙ্গলবার গণজাগরণ মঞ্চের ঘোষিত অর্ধদিবস হরতালে বিএনপির সমর্থন কিংবা বিরোধিতা কোনোটাই নেই।’
সোমবার বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‘আমি বিচার চাই না’ জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনের বাবা আবুল কাশেম ফজলুল হকের এই বক্তব্যের বিরোধিতা করে রোববার আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘হত্যাকারীদের আদর্শে বিশ্বাসী বলেই ছেলে হত্যার বিচার চান না আবুল কাশেম ফজলুল হক।’
হানিফের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় আসাদুজ্জামান রিপন বলেন, ‘বক্তব্যে দেয়ার পর হানিফ উপলদ্ধি করতে পেরেছিলেন, তার উপর জনগণ ঘৃণা প্রকাশ করছে। এ জন্য তিনি পরবর্তীতে তার বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু শুধু প্রত্যাহার করে নিলে হবে না, তার এই বক্তব্যের জন্য তাকে আবুল কাশেম ফজলুল হকের কাছেও ক্ষমা চাইতে হবে। অন্যথায় জনগণের মন প্রসমিত হবে না।’
শহীদ জিয়ার আদর্শে দীপন উজ্জীবিত ছিলেন মন্তব্য করে তিনি বলেন, ‘দীপনের উপর হামলা কাপুরুষের মতো হামলা।’ তিনি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
দীপন হত্যার খুনিদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান আসাদুজ্জামান রিপন। সেই সঙ্গে দেশের সকল প্রকার হত্যাকাণ্ড বন্ধে সর্বদলীয় বৈঠকে বসার জন্য আবারও বিএনপির পক্ষ থেকে সরকারকে আহ্বান জানান রিপন।
সংবাদ সম্মেলনে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, আব্দুল লতিফ জনি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

