লক্ষ্মীপুর প্রতিনিধি : জেলার রায়পুরে আ.লীগ নেতার মেয়ের সংসার ভাঙার অভিযোগে সাবেক প্রেমিক শুভকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনার পর থানায় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন উভয় পরিবারের লোকজন।
শুক্রবার রাতে উপজেলার বামানী ইউনিয়নের মধ্য সাগরদী গ্রামে এ ঘটনা ঘটে।
মেয়েটি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ব্যবসায়ী মোস্তাফা কামালের মেয়ে। অভিযুক্ত প্রেমিক শুভ (১৯) সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের নন্দনপুর গ্রামের প্রবাসী বাবুল হোসেনের ছেলে ও দালালবাজার ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
আওয়ামী লীগ নেতা ওই মেয়ের বাবা মোস্তাফা কামাল জানান, প্রায় ১৮ দিন আগে চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর গ্রামের সফিক মোল্যার ছেলে প্রবাসী আরিফ হোসেনের সঙ্গে লাইজুর বিয়ে দেয়া হয়। কিন্তু ১৩ দিনের মাথায় শুভর কারণে মেয়েটির বিয়ে ভেঙে যায়। এ অবস্থায় পরিবারের মাঝে বিশৃঙ্খলা ও হতাশা বিরাজ করছিল। শুক্রবার রাতে শুভ সিএনজিতে তার চার বন্ধুকে নিয়ে লাইজুকে তুলে নিতে বাড়িতে আসে। এ সময় ঘটনা বুঝতে পেরে শুভকে আটক করে এলাকাবাসী পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এখন তার সঙ্গে বিয়ে দেয়া ছাড়া কোনো উপায় দেখছি না।
এ ঘটনায় লাইজু আক্তার মিতু বলেন, ‘শুভর সঙ্গে তার ৩ বছরের প্রেম। তার কারণে আমার সংসার ভেঙে গেছে। এখন তাকে বিয়ে ছাড়া আমার আর কোনো উপায় নাই। পরিবার যে সিদ্ধান্ত নিবেন তা গ্রহণ করব।’
এ ঘটনায় অভিযুক্ত শুভ তার সকল অপরাধ স্বীকার করলেও তার প্রেমিকা লাইজু আক্তারকে বিয়ে করতে রাজি হচ্ছে না। এ নিয়ে এখনো দেন দরবার চলছে।
রায়পুর থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, ‘এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে শুভকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। উভয় পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

