বান্দরবান প্রতিনিধি : লামা উপজেলার সমিল পাড়ায় স্কুল শিক্ষিকা মাইক্যচিং মার্মাকে (২৮) গলা কেটে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামী থোয়াইশৈমং মার্মাকে (৩৪) আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মাইক্যচিং মার্মা লামা পৌরসভার বড় নুনারবিল মার্মা পাড়ার উক্যাজাই মার্মার মেয়ে। তিনি রুপসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন মাস আগে মাইক্যচিং মার্মার সঙ্গে বান্দরবানের মেঘলার অধিবাসি কারিতাস সিঁড়ি প্রকল্পের কর্মী থোয়াইশৈমং মার্মা বিয়ে হয়। তারা পৌরসভার সমিল পাড়ায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। শুক্রবার রাতে তারা ঝগড়া করছিলেন। এ সময় মাইক্যচিং মার্মার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে থোয়াইশৈমং রক্তমাখা দা নিয়ে তাদের আক্রমণের উদ্দেশ্যে তেড়ে আসে। তখন স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে থোয়াইশৈমং এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

