গাজীপুর প্রতিনিধি : জেলার টঙ্গী ও কালিয়াকৈরে পৃথকভাবে তুলার গুদাম ও মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল আটটার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়াও বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে কালিয়াকৈর উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সেলিম মিয়া জানান, শুক্রবার সকালে টঙ্গীর মিলগেট এলাকায় একটি টিনশেটের তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
অপরদিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে কালিয়াকৈর উপজেলার দিঘিরপাড় এলাকায় হাশেম আলীর মুদির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দোকানের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

