পাবনা প্রতিনিধি : আতাইকুলায় বাসের চাকায় পিষ্ট হয়ে মাওলানা আব্দুর রহিম (৫৫) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। এ সময় রতন নামে এক ভ্যান চালক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে পাবনা-ঢাকা মহাসড়কের ধর্মগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাওলানা আব্দুর রহিম আতাইকুলা থানার কাঁকলেখালি গ্রামের জহির উদ্দিনের ছেলে ও পুষ্পপাড়া কামিল মাদরাসার এবতেদায়ী শাখার প্রধান শিক্ষক ছিলেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, মাদরাসার দায়িত্ব পালন শেষে মাওলানা আব্দুর রহিম বাইসাইকেলে নিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি পাবনা-ঢাকা মহাসড়কের ধর্মগ্রাম নামক স্থানে পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী পাবনা এক্সপ্রেসের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় বাসের ধাক্কায় ভ্যান চালক রতন গুরুতর আহত হন। তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটি নিয়ে চালক পালিয়ে গেছে।

