আন্তর্জাতিক ডেস্ক : ভারত-আফ্রিকা ফোরাম সম্মেলনে যোগ দিতে বুধবার নয়াদিল্লি সফরে আসছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি ভারতীয় নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়েও আলোচনা করবেন। প্রেসিডেন্টের এক মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।
প্রেসিডেন্ট সিসির মুখপাত্র আলা ইউসেফ রোববার এক বিবৃতিতে বলেছেন,‘ভারতের সঙ্গে মিশরের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশই সেই সম্পর্ককে আরো উন্নয়নে আগ্রহী।’
আসন্ন ভারত-আফ্রিকা সম্মেলন সম্পর্কে ইউসেফ বলেছেন, সম্মেলনে যোগদানের মাধ্যমে মিশর আন্তর্জাতিক বিশেষ করে আফ্রিকার ইস্যুগুলোকে তুলে ধরতে চায়। এছাড়া ভারত ও আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়টিকে বরাবরই গুরুত্ব দিয়ে থাকে কায়রো সরকার।’
ওই সম্মেলনে আফ্রিকার দেশগুলোর সঙ্গে ভারতের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে জোর দেয়া হবে বলেও প্রেসিডেন্ট সিসির মুখপাত্র আরো জানিয়েছেন।
নয়াদিল্লি সফরের সময় সিসি ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ একাধিক শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে দেখা করবেন। সম্মেলনের বাইরে এছাড়া আফ্রিকার দেশগুলোর নেতাদের সঙ্গেও তার আলাদা আলাদাভাবে বৈঠক করার কথা রয়েছে। সেসব বৈঠকে আফ্রিকা মহাদেশের নিরাপত্তা ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে।
ভারত সফরের আগে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট সিসি। নয়াদিল্লি সফর শেষে তার বাহরাইন যাওয়ার কথা রয়েছে বলে তার মুখপাত্র ইউসেফ জানিয়েছেন।

