চট্টগ্রাম প্রতিনিধি : ঢাকায় পর পর বেশ কয়েকটি নাশকতামূলক ঘটনার পর এবার বন্দর নগরী চট্টগ্রামেও সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সোমবার সকালে ‘চট্টগ্রামেও হামলা হতে পারে’ এমন গোয়েন্দা প্রতিবেদন পেয়ে পুরো নগরজুড়ে বাড়তি সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। বাড়ানো হয়েছে নিয়মিত চেক পোস্টের পাশাপাশি অতিরিক্ত চেকপোস্ট, সবোর্চ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে সকল থানা ও ফাঁড়ির পুলিশ সদস্যদের। এছাড়া সকল কেপিআই স্থাপনায় অতিরিক্ত কড়াকড়ি আরোপ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বাংলামেইলকে বলেন, ‘ঢাকার পর চট্টগ্রামেও হামলা হতে পারে। সকালে এমন গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর পুরো নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে কেপিআই স্থাপনায় বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। বাড়ানো হয়েছে চেক পোস্ট, সিএনজি ও অটোরিকশা, মটর সাইকেলে তল্লাশি চালানো হচ্ছে।’
সিএমপি সূত্রে জানা যায়, সন্ত্রাসী হামলার আশঙ্কায় সোমবার সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, চট্টগ্রাম বন্দর, আদালত ভবন, গুরুত্বপূর্ণ তেল স্থাপনা সহ সব কেপিআইগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এমনকি বিমান বন্দরের দর্শনার্থী প্রবেশের ক্ষেত্রেও পুলিশের পক্ষ থেকে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

