বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরেই অভিনয়ের বাইরে ছিলেন ‘গজনি’ তারকা খ্যাতি পাওয়া অভিনেত্রী অসিন। ‘অল ইজ ওয়েল’ ছবির মাধ্যমে সম্প্রতি অভিনয়ে ফিরলেন তিনি। তবে বলিউডের ছবিতে আর নাকি দেখা যাবে না তার। কারণ প্রেমিক শিল্পপতিকে বিয়ে করে এবার সংসার করবেন অসিন! আর বিয়েটা হচ্ছে নভেম্বরেই!
জানা গেছে, আসছে নভেম্বরেই প্রেমিক ও দিল্লীর ধনাঢ্য ব্যবসায়ি রাহুলকে বিয়ে করতে যাচ্ছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী অসিন। নভেম্বরের ২৬ তারিখে ঘরোয়া পরিবেশে বিয়ে করবেন তারা। পরবর্তীতে মুম্বাইয়ে ২৮ ও ২৯ তারিখে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে বলিউডে অসিনের কাছের বন্ধু বান্ধবসহ সকলকেই আমন্ত্রণ জানানো হবে। এমন খবরই প্রকাশ করেছে এনডিটিবি। তবে এ বিষয়ে অসিন কিংবা রাহুলের তরফ থেকে কিছু জানা যায়নি।
এর আগে গত আগস্টে প্রথমবার মিডিয়ায় খবর প্রকাশ হয়েছিল যে, সংসার গড়ার স্বপ্নে বিভোর অসিন। শীঘ্রই বিয়ে করারও পরিকল্পনা করছেন তিনি। বিয়ে করে অভিনয় জগতকেও বিদায় জানাবেন বলে সে সময় খবর প্রকাশ হয়। তবে নভেম্বরে রাহুলকে বিয়ের পর অসিন সত্যি সত্যিই অভিনয়কে বিদায় জানান কিনা, সে বিষয়ে এখনো কিছু বলেননি অসিন। তার ঘনিষ্ঠসূত্র বলছে, রাহুলকে বিয়ের পরেই আসলে অসিন তার সিদ্ধান্ত জানাবেন যে তিনি অভিনয়ে থাকবেন কিনা!
উল্লেখ্য, তেলেগু ও তামিল ভাষার জনপ্রিয় এই অভিনেত্রী আমির খানের বিপরীতে ‘গজিনি’ ছবির মাধ্যমে বলিউডে পরিচিতি পান। এরপর একাধিক বলিউডে ছবিতে অভিনয় করেন তিনি। সর্বশেষ উমেশ শুক্লার ছবি ‘অল ইজ অয়েল’ ছবিতে তাকে দেখা যায়। ছবিতে অসিন ছাড়াও ছিলেন ঋষি কাপুর ও অভিষেক বচ্চন। ছবিটি বক্স অফিসে ফ্লপ করে।

