বিনোদন ডেস্ক : ‘অ্যাংরি ইন্ডিয়ান গডসেস’ একটি মেয়েদের গল্প! সম্প্রতি ইতালিতে ‘রোম চলচ্চিত্র উৎসব’-এ পন নলিনের অসাধারণ এই ছবিটি দেখার পর দাঁড়িয়ে সম্মাননা জানালেন উপস্থিত দর্শক ও সিনেমা বোদ্ধারা। ছবিটি শেষ হওয়ার পর অন্তত আট মিনিট দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন তারা।
জানা গেছে, চলতি ‘রোম ফিল্ম ফেস্টিভাল’-এ প্রদর্শনীর আমন্ত্রণ পেয়েছিল ভারতীয় নির্মাতা পন নলিনের ছবি ‘অ্যাংরি গডসেস’। ছবিটি প্রদর্শনের পর উৎসবে উপস্থিত ফেস্টিভাল কর্তৃপক্ষ, বিভিন্ন দেশ থেকে আসা মেধাবী নির্মাতা ও সিনে বোদ্ধাসহ সাধারণ মানুষেরা দাঁড়িয়ে সম্মাননা জানান। তাও এক-দুই মিনিট নয়, বরং আট মিনিট স্ট্যান্ড অবেশন দেন তারা।
এমন সম্মাননায় উল্লসিত ছবির নির্মাতা। রোম ফেস্টিভালে তার ছবি এমন প্রশংসিত হওয়ায় রীতিমত হাওয়ায় উড়ছেন তিনি। এবং তিনি মনে করেন, একজন নির্মাতা হিসেবে এমন পুরস্কার তাকে ভবিষ্যৎ সিনেমা নির্মাণের পথে পাথেয় হয়ে থাকবে।
নিজের ছবি ইতালিতে উচ্চ প্রশংসিত হওয়ায় নির্মাতা পন নলিন বলেন, ইতালির দর্শক আমাকে এবং আমার ছবিকে যে সম্মাননা দিলেন তা একজন নির্মাতা হিসেবে আমাকে শক্তি ও সাহস যুগাবে। ছবিটি দেখার পর তাদের প্রতিক্রিয়া দেখে সত্যিই আমি অভিভূত। এই দেশের সাথে আমার কোথায় যেন একটা যুগসূত্র রয়েছে, আর এই জন্যই ‘রোম ফিল্ম ফেস্টিভালে’ আসতে আমি নিজে থেকেই উদ্যোগ নিয়ে ছিলাম। তবে আমার ছবিটি যে আঞ্চলিক কোনো বার্তা বহন করে না, এবং এটি যে বিশ্ব চলচ্চিত্রের আবেদন বহন করে সেই বিষয়টিও ফেস্টিভালের মধ্য দিয়ে প্রমানিত হয়ে গেল। আমি বিশ্বাস করি ‘অ্যাংরি ইন্ডিয়ান গডসেস’ ছবিটির মধ্য দিয়ে বিশ্বের সব নারীরা তাদের যুগসূত্র খুঁজে পাবেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত পন নলিন। ভারতীয় নারীদের নিয়ে ‘অ্যাংরি ইন্ডিয়ান গডসেস’ নির্মাণ তার প্রথম কোনো কাজ নয়। এরআগে বেশকিছু তথ্যচিত্র, ডকুফিল্ম, স্বল্পদৈর্ঘ্য ছবি নির্মাণ করেছেন। ‘সামসারা’ ও ‘ভেলি অব ফ্লাওয়ার’ নামের দুটি বিখ্যাত চলচ্চিত্রও নির্মাণ করেছেন তিনি।

