স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে কলম্বো টেস্টের চতুর্থ দিন পরিত্যক্ত হয়। জয়ের জন্য ২৪৪ রানে লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল এক উইকেটে ২০ রান। সোমবার টেস্টের পঞ্চম ও শেষ দিন রোমাঞ্চকর সমাপ্তির অপেক্ষায় ছিল সবাই। তবে দুই শ্রীলংকান স্পিনার রঙ্গনা হেরাথ ও মিলিন্দা শ্রীবর্ধনৈর স্পিন-ভেলকিকে সেই রোমাঞ্চ উবে গেল। প্রতিপক্ষকে মাত্র ২৪৪ রানের লক্ষ্যমাত্রা দিয়েও দুর্দান্ত প্রতাপে ম্যাচটি ৭২ রানে জিতে নিল স্বাগতিক শ্রীলংকা।
সোমবার টেস্টের শেষ দিন জয়ের জন্য ২৪৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের ১ উইকেটে ২০ রানের সঙ্গে আর ১৫১ রান যোগ করে ১৭১ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। ফলে ৭২ রানের জয় পায় লংকানরা।
এই জয়ের মাধ্যমে দুই ম্যাচ টেস্ট সিরিজে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলো স্বাগতিক শ্রীলংকা। প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের ইনিংস ও ৬ রানে পরাজিত করেছিল লংকানরা।
সোমবার ১ উইকেটে ২০ রান নিয়ে খেলতে নেমে অবশ্য দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান শাই হোপ ও ড্যারেন ব্রাভো। এই দুজন দলের সংগ্রহ ৮০ তে নিয়ে যান। হেরাথ, শ্রীবর্ধনে ও ধামিকা প্রসাদের বোলিং তোপে পড়ে ১ উইকেটে ৮০ রান থেকে ৪ উইকেটে ১০২ রানে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। একে একে ফিরে যান শাই হোপ (৩৫), মারলন স্যামুয়েলস (৬) ও জার্মেইন ব্লাকউড (৪)।
পঞ্চম উইকেটে দিনেশ রামদিনকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন ড্যারেন ব্রাভো। তবে রঙ্গনা হেরাথ ও মিলিন্দা শ্রীবর্ধনের বোলিং তোপে পড়ে ১২৪ থেকে ১৩৮ এই ১৪ রানের ব্যবধানে আরো ৫ উইকেট হারিয়ে হারের লজ্জায় পড়ে ক্যারিবিয়ানরা।
শেষ উইকেটে জোমেল ওয়ারিকেন ও কেমার রোচ মিলে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। এই দুজন ৩৩ রানের দারুণ এক জুটি গড়েন। তবে সেটা শুধু পরাজয়ের ব্যবধান কমানোর পাশাপাশি লংকানদের জয়কে প্রলম্বিতই করেছে। স্বাগতিকদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
এর আগে কলম্বো টেস্টের প্রথম ইনিংসে শ্রীলংকার করা ২০০ রানের জবাবে ধামিকা প্রসাদ ও দিলরুয়ান পেরেরার বোলিং তোপে পড়ে মাত্র ১৬৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ক্যারিবিয়ানদের হয়ে ব্রাফেট করেন ৪৭ রান। সফরকারীদের দলের ব্যাটসম্যানদের মধ্যে আর ২০ এর কোটা স্পর্শ করেন কেবল জেসন হোল্ডার (২১)।
প্রথম ইনিংসে শ্রীলংকার হয়ে ধামিকা প্রসাদ চারটি এবং দিলরুয়ান পেরেরা নেন তিনটি উইকেট। মিলিন্দা শ্রীবর্ধনে নেন দুই উইকেট।
প্রথম ইনিংসে শ্রীলংকাকে ২০০ রানে আটকে রাখতে অগ্রণী ভূমিকা পালন করেন অভিষিক্ত জোমেল ওয়ারিকেন। তাকে যোগ্য সঙ্গ দেন জেরোমি টেলর ও জেসন হোল্ডার। ওয়ারিকেন চারটি এবং ও টেলর ও হোল্ডার নেন দুটি করে উইকেট।
প্রথম ইনিংসে শ্রীলংকার হয়ে মিলিন্দা শ্রীবর্ধনে করেন ৬৮ রান। এছাড়া রঙ্গনা হেরাথ ২৬ ও দিনেশ চান্দিমাল করেন ২৫ রান।
প্রথম ইনিংসে ৩৭ রানের লিড পায় স্বাগতিক শ্রীলংকা। টেস্টের তৃতীয় দিন শনিবার ২ উইকেটে ৭৬ রান নিয়ে খেলতে নেমে ক্রেইগ ব্রাফেটের বোলিং তোপে পড়ে ২০৬ রানে গুটিয়ে যায় লংকানরা। ফলে জয়ের জন্য ২৪৪ রানের লক্ষ্যমাত্রা পায় ক্যারিবিয়ানরা। ২৪৪ রানের সহজ লক্ষ্যমাত্রা স্পর্শ করতে গিয়ে রানের হার নিয়ে মাঠ ছাড়ে ক্যারিবিয়ানরা।
ব্যাটিংয়ে দুই ইনিংস মিলিয়ে ১১০ রান করার পাশাপাশি পাঁচ উইকেট লাভ করায় শ্রীলংকান অলরাউন্ডার মিলিন্দা শ্রীবর্ধনে ম্যাচ-সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন। অন্যদিকে দুই টেস্টে ১৫ উইকেট লাভ করায় স্পিনার রঙ্গনা হেরাথ সিরিজ-সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।

