নিজস্ব প্রতিবেদক : দেশে সম্প্রতি বোমা হামলাসহ বিভিন্ন নাশকতার ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় করতে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে বিমানবন্দরের ভেতরে ও বাইরে যাত্রীদের কঠোর তল্লাশিসহ দর্শনার্থীদের ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গেছে।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এএপি) সিনিয়র এএসপি আলমগীর শিমুল বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগমন এবং বহির্গমনের সময় যেসব অতিথিরা টিকেট কেটে ভেতরে প্রবেশ করতেন তা বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
পরবর্তী নির্দেশনা আসার আগে পর্যন্ত এ অবস্থা জারি থাকবে বলেও জানান তিনি।

