বিনোদন ডেস্ক : অভিনয় দিয়ে বলিউডের মত মশল্লাদার একটি সিনেমা ইন্ডাস্ট্রিতে এক ধরনের স্বচ্ছ আর ব্যক্তিত্বপূর্ণ ইমেজ নিয়ে যে ক’জন অভিনেতা শাসন করে যাচ্ছেন, তাদের মধ্যে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান সর্বাগ্রে। আর যে ক’টি সিনেমা আমির খানের এমন অসাধারণ ইমেজ গড়ে দিতে সাহায্য করেছে তারমধ্যে ২০০১ সালে মুক্তি পাওয়া ছবি ‘লগন’ অন্যতম। অথচ এই লগনের পরবর্তী সিক্যুয়ালে নাকি অভিনয় করছেন না আমির খান!
ক’দিন ধরেই শোনা যাচ্ছিল ‘লগন’-এর সিক্যুয়াল নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা আশুতোষ গুয়ারকি। যথারীতি ‘লগন’-এর মতই ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে চলেছেন আমির খান। কিন্তু এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন আমির খানের বিশ্বস্ত একটি সূত্র। লগনের সিক্যুয়ালে থাকছেন না আমির খান, এমন খবর প্রকাশ করে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আশুতোষ গুয়ারিকারের আসন্ন ছবি ‘লগন ২’-এর থাকছেন না আমির খান।
একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে খবরে আরো বলা হয়, লগনের সিক্যুয়ালে আমির খান অভিনয় করছেন, এটা গুজব খবর, ভিত্তিহীন। এটা কখনই সত্যি নয়।
ব্রিটিশ আমলে ইংরেজদের ক্রিকেট দিয়ে পরাজিত করে ‘অতিরিক্ত কর মওকুফ’ করে ভারতীয় কিছু গ্রাম্য যুবক। যে দলটির দলনেতা হিসেবে অভিনয় করেছিলেন আমির খান। ছবিটি অস্কারের জন্যও ভারত থেকে মনোনয়ন করা হয়েছিল। তবে কোনো পুরস্কার পায়নি।
আমির খানের ক্যারিয়ারে তুমুল জনপ্রিয় ছবিগুলোর একটি ‘লগন’। সেসময় সিনেমা হলেও ব্যাপক প্রভাব বিস্তার করে ছবিটি। আর সেই জনপ্রিয়তাকে সাঙ্গ করেই নির্মাতা আবার সাহস করছেন ছবিটির সিক্যুয়াল নির্মাণের। এরমধ্যে নাকি ছবির চিত্রনাট্যের কাজও এগিয়ে গেছে। লগন-এর সিক্যুয়ালে আমির খান থাকবেন কিনা সে বিষয়ে নির্মাতা আশুতোষ চূড়ান্ত কিছু না জানালেও কেন্দ্রীয় নারী চরিত্রে প্রাচী দেশাইকে অন্তর্ভুক্ত করেছেন বলে ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, বর্তমানে ‘দঙ্গল’ নামের একটি ছবি নিয়ে ব্যেস্ত আছেন আমির খান। মহাবীর সিং এবং তার দুই মেয়ে গীতা ও ববিতা কুমারির আত্মজীবনী অবলম্বন করে নির্মাতা নিতেশ তিওয়ারি নির্মাণ করতে চলেছেন ছবি ‘দঙ্গল’। আর আমির খান নিতেশের এই ছবিতে কুস্তিগীর মহাবীর সিংয়ের চরিত্রে অভিনয় করছেন।

