স্পোর্টস ডেস্ক : ইউনিস খান মাঠে নামবেন আর একের পর এক রেকর্ড গড়বেন- গেল এক বছর ধরে টেস্টে বিশ্বক্রিকেট এমনটাই দেখে আসছে। ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে দেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার পর শনিবার প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টেস্টে ৯ হাজার রান করার রেকর্ড গড়েন ইউনিস খান। রোববার আরেকটি রেকর্ড গড়লেন এই সাবেক পাকিস্তান অধিনায়ক। টেস্টে সেঞ্চুরি সংখ্যায় সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাথু হেইডেন ও ওয়েস্ট ইন্ডিজ তারকা শিবনারায়ন চন্দরপলকে ছাড়িয়ে গেলেন তিনি।
রোববার ইংল্যান্ডের বিপক্ষে দুবাই টেস্টের চতুর্থ দিন ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি তুলে নেন ইউনিস খান। সমান ৩০টি টেস্ট সেঞ্চুরি নিয়ে এতদিন হেইডেন ও চন্দরপলের সঙ্গে সমান্তরালে ছিলেন ইউনিস খান। রোববার ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি তুলে নিয়ে এই দুজনকে ছাড়িয়ে যান তিনি।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিজেকে ইতোমধ্যেই কিংবদন্তীদের তালিকায় নিয়ে গেছেন ইউনিস খান। ১০৩ টেস্টের ক্যারিয়ারের ৩১টি সেঞ্চুরির পাশাপাশি ৩১টি হাফ সেঞ্চুরি করেন তিনি। ২০০৯ সালে করাচিতে সফরকারী শ্রীলংকার বিপক্ষে ক্যারিয়ার-সেরা ৩১৩ রান করা মিসবাহ টেস্টে পাঁচটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। এছাড়া ১৯৯ ও ১৯৪ রানের দুটি নান্দনিক ইনিংসও রয়েছে তার।
ইউনিস খান টেস্টের চতুর্থ ইনিংসে পাঁচটি সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েন। তার সমান আর কেউ চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করতে পারেনি। এছাড়া একমাত্র পাকিস্তানি হিসেবে প্রতিটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে তার। এর মধ্যে শ্রীলংকার বিপক্ষে সাতটি এবং ভারতের বিপক্ষে পাঁচটি সেঞ্চুরি করেন তিনি।
আরেকটি বিশ্বরেকর্ড থেকে থেকে খুব একটা দূরে নেই ইউনিস খান। দ্বিতীয় ইনিংসে এই নিয়ে ১২টি টেস্ট সেঞ্চুরি করলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। কুমার সাঙ্গাকারা সর্বোচ্চ ১৪টি এবং অ্যালেস্টার কুক ও শচীন টেন্ডুলকার দ্বিতীয় ইনিংসে ১৩টি সেঞ্চুরি নিয়ে ইউনিসের ওপরে রয়েছেন।

