ময়মনসিংহ প্রতিনিধি : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহ জাতীয় পার্টির সাবেক এমপি আনিসুর রহমান মানিকসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ত্রিশাল উপজেলার বারই গ্রামের হাফিজ উদ্দিন বাদী হয়ে রোববার দুপুরে ময়মনসিংহের ৩নং আমলি আদালতে মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন- আনিসুর রহমান মানিকের ভাই মুকলেছুর রহমান মুকুল ওরফে খালেক রাজাকার, সাইদুর রহমান রতন, শামছুল হক ফকির ও সুলতান আহমেদ ফকির। তাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।
ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিঠফুল ইসলামের আদালতে দায়ের করা মামলায় এখনও কোনো আদেশ দেননি বিচারক।
মামলার আরজিতে বলা হয়েছে, ১৯৭১ সালের ১০ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ হামনকে নিজ বাড়ি থেকে রাজাকাররা ধরে আহাম্মদাবাড়ি রাজাকার ক্যাম্পে নিয়ে নির্যাতন করে। ওইদিন রাত ৮টায় তৎকালীন রাজাকার কমান্ডার আনিসুর রহমান মানিক রাইফেল দিয়ে বুকে গুলি করে মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ হামনকে হত্যা করেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, সাবেক এমপি আনিসুর রহমান মানিক ও তার ভাই মুকলেছুর রহমান মুকুল ওরফে খালেক রাজাকারসহ পাচঁ জনের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। আরজিতে মামলার বাদী নিজেকে স্বাধীনতার স্বপক্ষের শক্তি ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলে পরিচয় দিয়েছেন।
বাদীপক্ষে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, অ্যাডভোকেট পিযূষ কান্তি সরকার ও অ্যাডভোকেট সাদিয়া আফসানা লিনা মামলাটি আদালতে উপস্থাপন করেন।

