স্পোর্টস ডেস্ক : ওয়ালটন ১৭তম জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম পর্বের ম্যাচে শামসুর রহমান শুভ ও মাহমুদুল্লাহ রিয়াদের জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে রয়েছে ঢাকা মেট্রো। ফতুল্লায় খুলনা বিভাগের বিপক্ষে জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে মেট্রোর সংগ্রহ ৫ উইকেটে ৩৪০ রান। মাহমুদুল্লাহ ১২৯ ও শরীফুল্লাহ ১৬ রান নিয়ে প্রথম দিনে খেলা শেষ করেছেন।
এরআগে শনিবার সকালে ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে ঢাকা মেট্রো। ব্যাটিংয়ে নেমে ঢাকা মেট্রোকে উড়ন্ত সূচনা এনে দেন শামসুর রহমান। মাত্র ৩৬ বলে ফিফটি তুলে নেন তিনি। উদ্বোধনী জুটিতে ৮৮ রান তোলে মেট্রো। এর মূল অবদানটা ছিল শামসুরের। মেহেদি হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে ১৮ রান করেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মেহেদি মারুফ।
দলীয় স্কোরে আর কোনো রান যোগ না হতেই ফিরে যান তিন নাম্বারে নামা মেহরাব হোসেন জুনিয়র। পরপর দুই উইকেট হারানোর ধাক্কা তৃতীয় উইকেট জুটিতে সামলে ওঠে ঢাকা মেট্রো। শামসুরের সঙ্গে ১২৪ রানের জুটি গড়েন মাহমুদুল্লাহ।
পরে শামসুর ও রিয়াদের ব্যাটে ২ উইকেটে ১১৬ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় ঢাকা মেট্রো। লাঞ্চের সময় ৮২ রানে অপরাজিত থাকা শামসুর বিরতির পর ফিরে দ্রুতই সেঞ্চুরি তুলে নেন। জিয়াউরের পর পর দুই বলে দুটি ছক্কা হাঁকিয়ে ফিফটি করা শামসুর সেঞ্চুরিও করেন বাউন্ডারি মেরে। অফ স্পিনার মিরাজের বলে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন তিনি। ১২৩ বলে ১৪টি চার ও তিনটি ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূরণ করেন এই ডানহাতি। এবারের জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডেও সেঞ্চুরি করেছিলেন শামসুর। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা হলো ১০টি।
রবিউল ইসলাম রবির বলে ইমরুল কায়েসকে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৪৪ রান করেন শামসুর। ১৬৭ বলের ইনিংসে ১৮টি চার ও ৫টি ছক্কা মারেন তৃতীয় রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষেও শতক হাঁকানো এই ডান-হাতি ব্যাটসম্যান। শুভ’র আউটের পর ইনিংসের ৫৬তম ওভারে ফিফটি পূর্ণ করেন মাহমুদুল্লাহ।
এরপর খুব দ্রুতই সাজঘরে ফিরে যান মার্শাল আইয়ুব ৯ রান করে। আব্দুর রাজ্জাকের বলে উইকেটরক্ষক নুরুল হাসান স্ট্যাম্পড করেন মার্শালকে। এরপর পঞ্চম উইকেটে রিয়াদের সঙ্গে ৫৮ রান যোগ করে বিদায় নেন আসিফ আহমেদ। রাজ্জাকের বলে ইমরুলকে ক্যাচ দেয়ার আগে আসিফের ব্যাট থেকে আসে ১৫ রান।
আসিফের বিদায়ের পরই সেঞ্চুরি তুলে নেন রিয়াদ। রাজ্জাকের বলে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন জাতীয় দলের এই ডানহাতি ব্যাটসম্যান। এবারের জাতীয় লিগে এটাই মাহমুদুল্লাহর প্রথম তিন অঙ্ক ছোঁয়া ইনিংস। আর সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেট অষ্টম সেঞ্চুরি। এদিন ষষ্ঠ উইকেটে শরীফউল্লাহর সঙ্গে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলাও শেষ করেন মাহমুদউল্লাহ। দুটি করে উইকেট পান খুলনার মেহেদি হাসান মিরাজ ও আব্দুর রাজ্জাক।
সংক্ষিপ্ত স্কোর
১ম দিন শেষে
ঢাকা মেট্ট্রো: ৯৪ ওভারে ৩৪০/৫ (শামসুর রহমান শুভ ১৪৪, মাহমুদুল্লাহ রিয়াদ ১২৯*, মেহেদী মারুফ ১৮, আসিফ আহমেদ, শরীফুল্লাহ ১৬*; মেহেদি হাসান মিরাজ ২/৭৯, আব্দুর রাজ্জাক ২/৮৭ ও রবিউল ইসলাম ১/৫৬)।

