আন্তর্জাতিক ডেস্ক : ভারতে সম্প্রতি দুই দলিত শিশু হত্যার ব্যাপারে এক মন্ত্রী জানিয়েছেন, ওই হত্যাকাণ্ডের ব্যাপারে সরকারের কোনো দায়বদ্ধতা নেই। শুধু তাই নয় ভি.কে সিং নামে ওই মন্ত্রী বৃহস্পতিবার এক বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, কেউ যদি কুকুরের গায়ে ঢিল ছোড়ে এর জন্যতো সরকার দায়ী নয়। অর্থাৎ নিচু বর্ণ বলে দলিতদেরকে তিনি কুকুরের সঙ্গে তুলনা করেছেন।
গাজিয়াবাদে সোমবার দলিত এক পরিবারকে হত্যার জন্য তাদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল উঁচু বর্ণের হিন্দুরা। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই ঘটনা সম্পর্কে মন্ত্রী বলেন, সোমবারের ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। এটা দুই পরিবারের অভ্যন্তরীন আক্রোশ থেকে ঘটেছে। তাই এর সঙ্গে সরকারকে সম্পৃক্ত করলে চলবে না। তবে হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।
হারিয়ানার ওই মন্ত্রী বিজেপি দলের সদস্য। তবে ওই দুই দলিত শিশুর হত্যাকাণ্ডের বিষয়ে প্রশাসন কিছুই করতে পারেনি। তারপরেও মন্ত্রী এমন বিতর্কিত মন্তব্য করলেন।
নিহত দুই শিশুর মধ্যে আড়াই বছরের বইভব এবং ১১ মাসের দিবিয়া দুই ভাইবোন। তাদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়েছিল। তাদের বাবা-মাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

