নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সিরাজগঞ্জ এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ও তাদের সঙ্গে সংশ্লিষ্টরা চরমপন্থি নয়, দুষ্কৃতকারী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন র্যাবের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলামকে দেখতে গেলে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘নাশকতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা তৎপর। তাদের দায়িত্ববোধ ও দেশপ্রেমের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে সেদিন দুষ্কৃতকারীদের বিরুদ্ধে লড়াই করে গুরুতর আহত হয়েছেন র্যাবের এ সদস্য।’ তিনি আহতের দ্রুত সুস্থতা কামনা করেন।
বিদেশি দুই নাগরিক হত্যা মামলার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে এ মুহূর্তে কিছু বলার নেই।’
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ ও পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বুধবার ভোরে টাঙ্গাইলের সিরাজগঞ্জ এলাকায় চরমপন্থিদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আহত হন র্যাবের এসআই মনিরুল ইসলাম।

