আন্তর্জাতিক ডেস্ক : চার দিনের যুক্তরাষ্ট্র সফরে মঙ্গলবার ওয়াশিংটন পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সফরকালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের সময় তিনি কাশ্মীর ইস্যুটি তুলবেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে।
মঙ্গলবার পাক প্রতিনিধি দলকে বহনকারী বিমানটি ওয়াশিংটনের অ্যান্ড্রুস বিমানঘাঁটিতে পৌঁছুলে মার্কিন সশস্ত্র বাহিনীর সদস্যরা নওয়াজ শরিফকে গার্ড অব অনার দেয়। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সরকারী পররাষ্ট্রমন্ত্রী পিটার সিলফ্রিজসহ অন্যান্য মার্কিন কর্মকর্তারা।
এ সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন তার স্ত্রী কুলসুম নেওয়াজ, কন্যা মরিয়ম নেওয়াজ, স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার এবং পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহযোগী তারিক ফাতেমা।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হচ্ছেন পাক প্রধানমন্ত্রী। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের নানা বিষয় নিয়ে কথা বলবেন। এসময় তিনি ওবামার কাছে কাশ্মীর ইস্যুটি তুলবেন বলে হুরিয়াত কনফারেন্স জোটের নেতা মিরওয়াইজ উমের ফারুক জানিয়েছেন। ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের স্বাধীনতার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে এই জোট।
সফরকালে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনসহ মন্ত্রীসভার অন্যান্য সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে পাক প্রধানমন্ত্রীর। এ প্রসঙ্গে নওয়াজ শরিফ বলেছেন,‘মার্কিন নেতাদের সঙ্গে আলাপকালে আমরা পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরব।’

