স্পোর্টস ডেস্ক : গত সাতটি বছর ধরে তাদের নাম থেকেছে শীর্ষে। এবারও ব্যতিক্রম হওয়ার কথা নয়। হলোও না। লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়েই এ বছরের (২২ নভেম্বর ২০১৪ থেকে ২০ নভেম্বর ২০১৫ পর্যন্ত) ফিফা ব্যালন ডি’অর পুরস্কারের জন্য ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা।
ফুটবল বিশ্বে ব্যক্তিগত সর্বোচ্চ সম্মানটা গত সাত বছর নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন মেসি এবং রোনালদো। মেসি চারবার, রোনালদো তিনবার। সর্বশেষ টানা দু’বার ব্যালন ডি’অর উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর হাতেই।
ফিফার প্রাথমিক বাছাইয়ে ছিল ৫৯ ফুটবলারের তালিকা। ওখান থেকেই বাছাই করা হয়েছে ২৩জনের সংক্ষিপ্ত তালিকাটি। যেখানে দেখা যাচ্ছে গত মৌসুমে ট্রেবলজয়ী বার্সেলোনারই আধিপত্য। বার্সার সর্বোচ্চ ৬জন ফুটবলার ঠাঁই পেয়েছেন এ তালিকায়। কম যায়নি আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদও। তাদের ঠাঁই পেয়েছে ৫জন ফুটবলার।
ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ক্লাব ম্যানচেস্টার সিটির ৩জন, জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের ৫জন, চ্যাম্পিয়ন্স লিগে রানার্সআপ ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের ১জন, ফ্রান্স চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেইয়ের (পিএসজি) ১, ইংলিশ ক্লাব আর্সেনালের ১ এবং আরেক ইংলিশ ক্লাব চেলসির ১ জন ফুটবলার ঠাঁই পেয়েছেন ২৩ জনের তালিকায়।
সেরা ফুটবলারের পাশাপাশি বর্ষসেরা কোচের পদকের জন্যও মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে মঙ্গলবার। এতে রয়েছে ১০ জন কোচের নাম।
মনোনীত ফুটবলারদের মধ্য থেকে একজনকে বিভিন্ন দলের কোচ, অধিনায়ক ও আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিকদের ভোটের মাধ্যমে চূড়ান্ত বিজয়ী বলে বেছে নেওয়া হবে। আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হয়ে ২০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে ব্যালন ডি’অরের ভোটিং প্রক্রিয়া।
আগামী বছরের ১১ জানুয়ারি সুইজারল্যান্ডের জুরিখে ফিফা সদর দফতরে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যালন ডি’অর তুলে দেওয়া হবে বিজয়ী ফুটবলারের হাতে।
ব্যালন ডি’অর মনোনীতদের তালিকা
লিওনেল মেসি (আর্জেন্টিনা/বার্সেলোনা)
ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল/রিয়াল মাদ্রিদ)
সার্জিও আগুয়েরো (আর্জেন্টিনা/ম্যানচেস্টার সিটি)
নেইমার ডি সিলভা জুনিয়র (ব্রাজিল/বার্সেলোনা)
গ্যারেথ বেল (ওয়েলস/রিয়াল মাদ্রিদ)
লুইস সুয়ারেজ (উরুগুয়ে/বার্সেলোনা)
করিম বেঞ্জেমা (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ)
আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন/বার্সেলোনা)
হ্যাভিয়ের মাচেরানো (আর্জেন্টিনা/বার্সেলোনা)
ইভান র্যাকিটিক (ক্রোয়েশিয়া/বার্সেলোনা)
টনি ক্রুস (জার্মানী/রিয়াল মাদ্রিদ)
হামেস রদ্রিগেজ (কলম্বিয়া/রিয়াল মাদ্রিদ)
জ্লাতান ইব্রাহিমোভিচ (সুইডেন/প্যারিস সেইন্ট-জার্মেইন)
ইডেন হ্যাজার্ড (বেলজিয়াম/চেলসি)
অ্যালেক্সিস সানচেজ (চিলি/আর্সেনাল)
টমাস মুলার (জার্মানী/বায়ার্ন মিউনিখ)
ম্যানুয়েল ন্যুয়ার (জার্মানী/বায়ার্ন মিউনিখ)
অ্যারিয়েন রোবেন (নেদারল্যান্ডস/বায়ার্ন মিউনিখ)
রবার্ট লেওয়ানডস্কি (পোল্যান্ড/বায়ার্ন মিউনিখ)
আরতুরো ভিদাল (চিলি/জুভেন্টাস/বায়ার্ন মিউনিখ)
ইয়াইয়া তোরে (আইভরি কোস্ট/ম্যানচেস্টার সিটি)
পল পগবা (ফ্রান্স/জুভেন্টাস)
কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম/ভলফসবার্গ/ম্যানচেস্টার সিটি)
বর্ষসেরা কোচ হিসেবে মনোনীতরা
লুইস এনরিকে (স্পেন/বার্সেলোনা)
পেপ গার্দিওলা (স্পেন/বায়ার্ন মিউনিখ)
হোসে মরিনহো (পর্তুগাল/চেলসি)
মাসিমিলিয়ানো অ্যালেগ্রি (ইতালী/জুভেন্টাস)
কার্লো আনচেলত্তি (ইতালী/রিয়াল মাদ্রিদ)
লরাঁ ব্লাঁ (ফ্রান্স/পিএসজি)
উনাই উমারি (স্পেন/সেভিয়া)
জর্জ সাম্পাওলি (আর্জেন্টিনা/চিলি জাতীয় দল)
দিয়েগো সিমিওনে (আর্জেন্টিনা/অ্যাটলেটিকো মাদ্রিদ)
আর্সেন ওয়েঙ্গার (ফ্রান্স/আর্সেনাল)

