স্পোর্টস ডেস্ক : বিশ্বাস করেছিলেন ব্ল্যাটারকে। সেই বিশ্বাসই অবশেষে কাল হয়ে দাঁড়ালো তার জন্য। সুতরাং এখন তার সঙ্গে আজ জড়িয়ে গেছে দুর্নীতির অভিযোগ। সোমবার জানিয়ে দিলেন মিশেল প্লাতিনি। সম্প্রতি ২০ লক্ষ সুইস ফ্রাঁ নেওয়ার অভিযোগে যাকে তিন মাস নিষিদ্ধ করে দিয়েছে ফিফা।
এক ফরাসি সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে প্লাতিনি জানিয়েছেন, এই টাকার আদান–প্রদানের জন্য কোনও লিখিত চুক্তি তিনি নিজে থেকেই চাননি। বরং ব্ল্যাটারকে বিশ্বাস করেই তার থেকে টাকা চেয়ে নেন।
‘কোনও আইনজীবী বা এজেন্ট আমার হয়ে টাকার জন্য দরদাম করেননি। বরং এটা ছিল সামনাসামনি মৌখিক চুক্তি- বলেন প্লাতিনি। আরও জানান, ‘ব্ল্যাটার তখন ফিফা সভাপতি হতে যাচ্ছিল। তাই আমি ওকে বিশ্বাস করেছিলাম।’
টাকা নেওয়ার কথা স্বীকার করে নিলেও তা বেআইনিভাবে বলতে রাজি হননি প্লাতিনি। তিনি বলেন, ‘গোল প্রোজেক্ট নামে একটি প্রকল্পে আমি তখন কাজ করছি। ফিফার যে সমস্ত সদস্য দেশ গরিব, তাদের ফুটবল ব্যবস্থা সংস্কার করার জন্যে এই প্রকল্প চালু করা হয়েছিল। সেখানেই ফিফার থেকে নেওয়া টাকা কাজে লেগেছে। আমি ব্ল্যাটারের সঙ্গে অনেক জায়গায় ঘুরেছি। যদি বিশ্বাস না হয় তা হলে লোককে জিজ্ঞাসা করে দেখুন।’
পেলের মতোই ফিফার দুর্নীতির গোটা ঘটনাকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে প্লাতিনি বলেন, ‘তিন মাসের জন্য আমাকে নিষিদ্ধ করা হয়েছে বলে আমার রাগ হচ্ছে না। আমার রাগের কারণ, বাকিদের সঙ্গে আমাকেও একই গোত্রে ফেলা হচ্ছে। আমি ভাবতে পারিনি, এভাবে আমাকে কাদায় টেনে আনা হবে।’

