স্পোর্টস ডেস্ক : ভারতীয় কিংবদন্তী সুনিল গাভাস্কারের মতো ব্যক্তিত্বরা বারবার বলে আসছিলেন, ক্রিকেটে প্রযুক্তির ব্যবহার নিয়ে তাদের কোনও আপত্তি নেই; কিন্তু যতক্ষণ না সেটা সম্পূর্ণ নিখুঁত হচ্ছে ততক্ষণ প্রবল আপত্তি আছে তাদের।
গাভাস্কারের আপত্তির অন্যতম কারন ‘স্নিকোমিটার’ প্রযুক্তি। প্রচুর ভুল থেকে যাচ্ছে এই প্রযুক্তিতে। অবশেষে নড়েচড়ে বসল আইসিসি। এবার ঠিক হয়েছে ‘স্নিকোমিটারের’ বদলে ‘আলট্রা এজ’ প্রযুক্তি ব্যবহার করা হবে।
ডিসিশন রিভিউ সিস্টেমে এবার পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। বল ব্যাটে লেগেছে কি না, তা বোঝার জন্য স্নিকোমিটার প্রযুক্তির সাহায্য নেওয়া হত; কিন্তু সেই প্রযুক্তি এতটাই ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ ছিল যে, কিছু কিছু ক্ষেত্রে বারবার টেলিভিশন রিপ্লে দেখা সত্ত্বেও তৃতীয় আম্পায়ার সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারতেন না।
নতুন ‘আলট্রা এজ’ সিস্টেম বস্টনের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনলজি–তে পরীক্ষা করেছেন ইঞ্জিনিয়াররা। তারা ইতিবাচক মনোভাবই দেখিয়েছেন বলে জানিয়েছেন আইসিসি’র জেনারেল ম্যানেজার জিওফ অ্যালার্ডিচ। তবে কোন সিরিজ থেকে এই নতুন প্রযুক্তির ব্যবহার শুরু হবে, তা এখনও জানায়নি আইসিসি।

