ঢাকাTuesday , 20 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওবামার সঙ্গে ‘ঘড়িবালক’ আহমেদ

Link Copied!

ahmedআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করেছেন টেক্সাসের সেই আলোচিত ঘড়িবালক আহমেদ মোহাম্মদ। সোমবার হোয়াইট হাউসে নাসার বিজ্ঞানীদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিল ১৪ বছরের মুসলিম বালক আহমেদ। সেখানে সে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে।
গত মাসে স্কুলে বোমা আনার ভুল অভিযোগে পুলিশি গ্রেপ্তারের পর আহমদকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তখন এক টুইটার বার্তায় তিনি বলেছিলেন,‘কুল ক্লক আহমেদ, তুমি কি ঘড়িটি হোয়াইট হাউসে আনতে পারবে? তোমার মত অনেক শিশু এটি দেখে বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে ওঠতে পারবে।’
হোয়াইট হাউসে যাওয়ার প্রাক্কালে সোমবার স্থানীয় এক পত্রিকাকে আহমেদ বলেছিল,‘প্রেসিডেন্টের কাছ থেকে সমর্থন পেয়ে আমি দারুণ খুশি। এটি আমাকে খুব সহায়তা করেছে।’ হোয়াইট হাউসের ওই অনুষ্ঠানে বিজ্ঞানী, নভোচারী, শিক্ষাবিদ ও ছাত্রসহ প্রায় ৩শ অতিথি অংশ নিয়েছিলেন। তবে অনুষ্ঠানে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল আহমেদ। নাসার ডাকসাইটে নভোচারীরা ও কর্মকর্তারাও তার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন।
এ অনুষ্টানে অতিথিদের স্বাগত জানান প্রেসিডেন্ট ওবামা। এসময় এক বিবৃতিতে তিনি বলেন,‘আমাদের সেসব প্রতিভাবানদের উত্সাহিত করা প্রয়োজন, যারা অপার কৌতূহল  নিয়ে নতুন কিছু তৈরি করতে আগ্রহী-তাদের দমন করা কিংবা নির্যাতন করা উচিত নয়।’ নাম উল্লেখ না করলেও তিনি যে আহমদের কথাই বলেছেন তা বুঝতে কারো বাকি থাকার কথা নয়।
এই বক্তব্যের পর ওবামার কাছেে এগিয়ে যায় আহমেদ। প্রেসিডেন্ট তার সঙ্গে কিছুসময় একান্তে আলাপ করেন। তবে উপস্থিত সাংবাদিকদের পক্ষে তাদের কথা শোনা সম্ভব হয়নি।
যদিও প্রেসিডেন্ট ওবামাকে নিজের তৈরি সেই আলোচিত ঘড়িটি দেখাতে পারেনি আহমেদ। সফরের গোছগাছ নিয়ে ব্যস্ত থাকার দরুন তার পক্ষে নাকি সেটি সঙ্গে আনা সম্ভব হয়নি। হোয়াইট হাউসে সোমবারের ওই অনুষ্ঠানে আহমদের সঙ্গে তার বাবা-মাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, টেক্সাসের ম্যাকআর্থার হাইস্কুলের ছাত্র আহমেদ মোহাম্মদ গত ১২ সেপ্টেম্বর নিজের বানানো একটি ডিজিটাল ঘড়ি স্কুলে নিয়ে যাওয়ার পর শিক্ষকরা সেটিকে একটি বোমা মনে করে পুলিশে খবর দেন। পরে তাকে গ্রেপ্তার করে টেক্সাস পুলিশ। এ ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রসহ গোটা আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় বয়ে যায়। এ ঘটনার নিন্দা করেছিলেন স্বয়ং ওবামা। তারই প্রেক্ষিতে আহমদের এই হোয়াইট হাউস সফর।
তবে এ ঘটনার পর সেলিব্রেটি বনে গেছে আহমেদ। তাকে নিয়ে লোকজনের আগ্রহের শেষ নেই। ইতিমধ্যে এই ঘড়িবালক তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দেভুতোগলু, জর্দানের রানী রানিয়া আল আবদুল্লাহ এবং সুদানের প্রেসিডেন্ট ওমর আল বাশারের সঙ্গে দেখা করেছে। হোয়াইট হাউসে সফর করার আগে সে গুগলের কার্যালয়ও ঘুরে দেখেছে। সবই সম্ভব হয়েছে ওই ঘড়ির কল্যাণে। যে কারণে তার নাম ঘড়িবালক।