স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার মারলন স্যামুয়েলস তৃতীয়বারের মতো বোলিং অ্যাকশন নিয়ে আইসিসির সন্দেহের মুখে পড়লেন। শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্যামুয়েলসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়।
আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ১৪ দিনের মধ্যে আইসিসি অনুমোদিত কোনো ল্যাবে অ্যাকশন পরীক্ষায় বসতে হবে মারলন স্যামুয়েলসকে। তবে পরীক্ষায় ফলাফল বের হওয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং করতে কোনো বাধা নেই।
শ্রীলঙ্কার বিপক্ষে শেষ হওয়া গল টেস্টের একমাত্র ইনিংসে ২৭ ওভার বোলিং করে দিমুথ করুনারত্মের উইকেটটি পান মারলন স্যামুয়েলস। ম্যাচে তার কয়েকটি বল ম্যাচ রেফারিদের সন্দেহের মুখে পড়ে।
এই নিয়ে তৃতীয়বার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের মুখে পড়েন ক্যারিবিয়ান অলরাউন্ডার মারলন স্যামুয়েলস। ২০০৮ সালে প্রথমবারের মতো নিজের বোলিং অ্যাকশন নিয়ে আইসিসির সন্দেহের মুখে পড়েন স্যামুয়েলস। পরে পরীক্ষার পর স্যামুয়েলসকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ করা হয়। নিজের অ্যাকশন শুধরে ২০১১ সালে বোলিংয়ের ছাড়পাত্র পান তিনি।
এরপর ২০১৩ সালের নভেম্বরে স্বাগতিক ভারতের বিপক্ষে মোহালি টেস্টে দ্বিতীয়বারের মতো বোলিং অ্যাকশন নিয়ে ঝামেলায় পড়েন মারলন স্যামুয়েলস। অ্যাকশন পরীক্ষার পর তাকে অফ-ব্রেক বোলিং করার জন্য অনুমতি দেয় আইসিসি, তবে কুইকার ডেলিভারি নিষিদ্ধ করা হয়। দুই বছরেরও কম সময়ের ব্যবধানে ফের এই ক্যারিবিয়ান অলরাউন্ডার বোলিং অ্যাকশন নিয়ে ঝামেলায় পড়লেন।

