ঢাকাMonday , 19 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়ের খোঁজে আর্সেনাল-চেলসি

Link Copied!

arsenalস্পোর্টস ডেস্ক : প্রায় তিন সপ্তাহ পর আগামী মঙ্গলবার থেকে ফের শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের লড়াই। মঙ্গলবার তৃতীয় রাউন্ডের লড়াইয়ের প্রথম দিন মাঠে নামবে বার্সেলোনা, চেলসি, বায়ার্ন মিউনিখ ও আর্সেনালের মতো বড় বড় দলগুলো। তৃতীয় রাউন্ড অনেক দলের জন্য যেমন ছন্দ ধরে রাখার, আবার কোনো কোনো দলের জন্য ছন্দে ফেরার উপলক্ষও।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের তৃতীয় রাউন্ডে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ দল আর্সেনাল। গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচে হেরে খাদের কিনারায় থাকা আর্সেনাল ঘরের মাঠে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে। দ্বিতীয় রাউন্ডে উঠার জন্য মঙ্গলবারের ম্যাচেই জয় ভীষণ দরকার গানারদের।
তবে বায়ার্নের বিপক্ষে আর্সেনালের কাজটি যে সহজ হবে না সেটি মানতে আপনাকে ফুটবল-বোদ্ধা হতে হবে না, সাম্প্রতিক পরিসংখ্যানের দিকে তাকালেই ব্যাপারটি বোঝা যাবে। জার্মান বুন্দেসলিগায় চলতি মৌসুমে প্রথম নয়টি ম্যাচে টানা জয় দিয়ে উড়ছে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেও বড় জয় পেয়েছে পেপ গার্দিওলার দল। ফলে ঘরের মাঠেই কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে আর্সেন ওয়েঙ্গারের দল।
এবারের চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা বেশ হতাশার  প্রিমিয়ার লিগ দল আর্সেনালের জন্য। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইউক্রেনের ক্লাব ডায়নামো জাগরেবের বিপক্ষে ২-১ গোলের হার দিয়ে শুরু আর্সেনালের। এরপর দ্বিতীয় ম্যাচে অলিম্পিয়াকোসের কাছে ৩-২ গোলের ‘লজ্জাজনক’ হার নিয়ে মাঠ ছাড়ে গানাররা।
অন্যদিকে বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছে দুর্দান্ত ফর্মে থাকা বায়ার্ন মিউনিখ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অলিম্পিয়াকোসকে ৩-০ গোলে উড়িয়ে উড়ন্ত সূচনা করে পেপ গার্দিওলার দল। দ্বিতীয় ম্যাচে ডায়নামো জাগরেবকে ৫-০ গোলে উড়িয়ে দেয় আলিয়াঞ্জ অ্যারেনার দলটি।
ফলে মঙ্গলবারের ম্যাচে ভিন্ন ভিন্ন লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। বায়ার্নের লক্ষ্য দুর্দান্ত ছন্দ অব্যাহত রেখে গ্রুপের শীর্ষস্থান আরো মজবুত করা। আর আর্সেনালের লক্ষ্য ঘরের মাঠে জয় দিয়ে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি দ্বিতীয় পর্বের সম্ভাবনা জাগিয়ে তোলা।
মঙ্গলবার মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। মেসিহীন বার্সার প্রতিপক্ষ বেলারুশ চ্যাম্পিয়ন বাতে বরিসভ। বাতে বরিসভ প্রতিপক্ষ হিসেবে কঠিন না হলেও বার্সেলোনার সতর্ক হওয়ার অনেক কারণ রয়েছে।
এই বাতে বরিসভ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে এএস রোমাকে ৩-২ গোলে পরাজিত করে, যেই রোমার সঙ্গে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল বার্সেলোনা। তাছাড়া গত শুক্রবার চার ম্যাচ হাতে রেখেই টানা দশমবারের মতো ঘরোয়া লিগের শিরোপা জয় করে দারুণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বেলারুশ চ্যাম্পিয়ন বাতে বরিসভ।
তাছাড়া বার্সেলোনার সতর্ক হওয়ার আরেক কারণ হলো মেসি, ইনিয়েস্তা ও রাফিনহার মতো দলের সেরা খেলোয়াড়রা ইনজুরি কারণে দলের বাইরে রয়েছেন। আর কাতালানরা মঙ্গলবারের ম্যাচটি খেলবে প্রতিপক্ষের মাঠে। স্প্যানিশ লা লিগায় সর্বশেষ তিনটি অ্যাওয়ে ম্যাচের দুটিতেই হার নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল। ফলে সতর্কতা নিয়েই মাঠে নামতে হবে গতবারের ট্রেবলজয়ীদের।
গ্রুপ ‘এফ’ অপর ম্যাচে মুখোমুখি হবে জার্মান দল বায়ার লেভারকুসেন ও ইতালিয়ান ক্লাব এএস রোমা। গ্রুপের শীর্ষ দুইয়ে থাকার জন্য মঙ্গলবারের ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না লেভারকুসেন। নিজেদের প্রথম ম্যাচে বাতে বরিসভকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত শুরু করে বায়ার। দ্বিতীয় ম্যাচে বার্সার বিপক্ষে এগিয়ে গিয়েও ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বুন্দেসলিগার দলটি। তবে মঙ্গলবার রোমার বিপক্ষে জয় পেলে যে শেষ ষোলর পথে আরেক ধাপ এগিয়ে যাবে সেটি মাথায় নিয়েই মাঠে নামবে বায়ার লেভারকুসেন।
অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে বার্সেলোনাকে ১-১ গোলে রুখে দেয়া রোমা পরের ম্যাচে হোঁচট খায়। বাতে বরিসভের কাছে ৩-২ গোলে হেরে যায় তারা। ফলে বায়ারের বিপক্ষে জয় দিয়ে ছন্দে ফিরতে মরিয়া ইতালিয়ান ক্লাবটিও।
গ্রুপ ‘সি’র ম্যাচে মুখোমুখি হবে ডায়নামো জাগরেব ও অলিম্পিয়াকোস। গ্রুপের অন্যতম শক্তিশালী দল আর্সেনাল প্রথম দুটি ম্যাচে হেরে যাওয়ার এই দুটি দলের সামনেই দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হওয়ার সুবর্ণ সুযোগ এসেছে। মঙ্গলবার জয় পাওয়া দলটি নিশ্চিতভাবে শেষ ষোলতে উত্তীর্ণ হওয়ার স্বপ্নের পথে এগিয়ে যাবে।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে চমক সৃষ্টি করে ডায়নামো জাগরেব। যদিও পরের ম্যাচে ইউক্রেনের ক্লাবেটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে বাস্তবের জমিনে নামিয়ে আনে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-০ গোলের পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়ায় অলিম্পিয়াকোস। দ্বিতীয় ম্যাচে আর্সেনালকে ‘স্তব্ধ’ করে দিয়ে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গ্রিসের ক্লাবটি।
মঙ্গলবার মাঠে নামবে ইকার ক্যাসিয়াসের এফসি পোর্তোও। পোর্তোর প্রতিপক্ষ ইসরাইলের ক্লাব ম্যাকাবি তেল আবিব। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে পোর্তোতে নাম লিখিয়েছেন স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। প্রথম ম্যাচে ডায়নামো কিয়েভের সঙ্গে ড্র নিয়ে মাঠ ছাড়ার পর দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে চেলসিকে পরাজিত করে দুর্দান্ত ছন্দে রয়েছে পর্তুগিজ ক্লাব পোর্তো।
ফলে গ্রুপের তুলনামূলক দুর্বল দল ম্যাকাবি তেল আবিবকে দুই লেগে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের এক ধাপ এগিয়ে যেতে চায় পর্তুগিজ চ্যাম্পিয়নরা। অন্যদিকে গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচেই হার নিয়ে মাঠ ছাড়া ম্যাকাবি তেল আবিব প্রথম পয়েন্টের সন্ধানে রয়েছে।
গ্রুপ ‘জি’র অপর ম্যাচে মাঠে নামবে হোসে মরিনহোর চেলসি। চেলসির প্রতিপক্ষ ডায়নামো কিয়েভ, যারা নিজেদের প্রথম ম্যাচে পোর্তোকে রুখে দেয়ার (ড্র) পর দ্বিতীয় ম্যাচে ম্যাকাবি তেল আবিবকে হারিয়ে দারুণ ছন্দে রয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ম্যাকাবি তেল আবিবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত কিছুর ইঙ্গিত দেয় ইংলিশ প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা চেলসি। তবে দ্বিতীয় ম্যাচে তাদের মাটিতে নামিয়ে আনতে এফসি পোর্তো। ইকার ক্যাসিয়াসের দল হোসে মরিনহোর চেলসিকে ঘরের মাঠে ২-১ গোলে পরাজিত করে। ফলে গত শনিবার প্রিমিয়ার লিগ ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে পরাজিত করা চেলসির জন্য মঙ্গলবারের ম্যাচটি ছন্দে ফেরার উপলক্ষও।
শনিবার স্টোক সিটির বিপক্ষে জয় পেলেও এখনো প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলে ১১তম স্থানে রয়েছে হোসে মরিনহোর চেলসি। স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ মুখে যতোই বলুন কা কেন তিনি ছাঁটাই হবেন না তা তাকে বরখাস্ত করা হবে না, তথাপি চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে না পারলে স্ট্যামফোর্ড ব্রিজে যে নিজের ভবিষ্যত অন্ধকার সেটি জানেন রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচও।
গ্রুপ ‘এইচ’ এর ম্যাচে রাশিয়ান ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গ ফরাসি জায়ান্ট লিঁও এর মুখোমুখি হবে। গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচ জেতা জেনিত মঙ্গলবার লিঁওকে হারিয়ে শেষ ষোলর পথে আরেক ধাপ এগিয়ে যেতে চাইবে।
গ্রপ পর্বের প্রথম ম্যাচে স্প্যানিশ জায়ান্ট ভ্যালেন্সিয়াকে ৩-২ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত শুরু করে জেনিত সেন্ট পিটার্সবার্গ। দ্বিতীয় ম্যাচে জেন্টকে ২-১ গোলে পরাজিত করে দুই ম্যাচ থেকে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রাশিয়ান ক্লাবটি।
অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়াম চ্যাম্পিয়ন জেন্টের সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়া লিঁও পরের ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে। ফলে মঙ্গলবারের ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামবে ফরাসি জায়ান্টরা।
‘এইচ’ গ্রুপের অপর ম্যাচে জেন্টের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট ভ্যালেন্সিয়া। নিজেদের প্রথম ম্যাচে রাশিয়ান ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গের কাছে ৩-২ গোলের হতাশাজনক হার নিয়ে মাঠ ছাড়ার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় ভ্যালেন্সিয়া। দ্বিতীয় ম্যাচে লিঁওকে ১-০ গোলে পরাজিত করে স্প্যানিশ ক্লাবটি। ফলে মঙ্গলবার জয়ের ছন্দ ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।
অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে লিঁও এর সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ার পর দ্বিতীয় ম্যাচে জেনিতের বিপক্ষে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে জেন্ট। ফলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মঙ্গলবার তার মাঠে নামবে।