নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর বিষয়ের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি ‘আউট অব লিস্ট’ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ আবেদনটি হাইকোর্টের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন আদালত।
বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। আজ আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মাদ সাইফুল আলম। পরে আদোলতে থেকে বেরিয়ে মোহাম্মাদ সাইফুল আলম বলেন, ‘আবেদনটি “আউট অব লিস্ট” করেছেন আদালত। একইসঙ্গে এ আবেদনটি হাইকোর্টের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।’
গত বুধবার এ রিট আবেদনটি দায়ের করে কনজুমারস অ্যাসেসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। রিটে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) বিবাদী করা হয়।

