রাজশাহী প্রতিনিধি : বিভাগের ৩ হাজার ২৫৩টি দুর্গাপূজা মণ্ডপে অন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকছে ১৯ হাজার আনসার সদস্য। আগামী ১৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পূজা মণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন তারা।
সরকারি সিদ্ধান্তে আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দিন পিএসসির নেতৃত্বে দেশব্যাপী পূজা মণ্ডপে পুরুষ ও নারী মিলে ১ লাখ ৬১ হাজার ৩৮৮ জন সাধারণ আনসার মোতায়েনের সব প্রস্তুতি ইতোমধ্যেই নেয়া হয়েছে। এরমধ্যে রাজশাহী বিভাগের ৩ হাজার ২৫৩টি পূজা মণ্ডপে অন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকছে ১৯ হাজার আনসার সদস্য।
অধিক ঝুঁকিপূর্ণ প্রত্যেক পূজামণ্ডপে ১ জন প্লাটুন কমান্ডার (পিসি) ও ১ জন অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডার (এপিসি) এর নেতৃত্বে ৪ জন পুরুষ ও ২ জন নারী আনসার নিয়োজিত থাকবে। আর ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপে ১ জন এপিসির নেতৃত্বে ৩ জন পুরুষ ও ২ জন নারী আনসার দায়িত্ব পালন করবে।
অপরদিকে সাধারণ পূজা মণ্ডপে ১ জন এপিসির নেতৃত্বে থাকবে ১ জন পুরুষ ও ২ জন নারী আনসার। আনসার ভিডিপির রাজশাহী রেঞ্জ কার্যালয়ে কর্মরত গণসংযোগ সহকারি শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রেঞ্জ পরিচালক পবিত্র কুমার সাহার নেতৃত্বে রাজশাহী বিভাগের ৮ জেলার ৩ হাজার ২৫৩টি পূজা মণ্ডপে পুরুষ ও নারী আনসার নিয়োগ দেয়া হয়েছে ১৮ হাজার ৮৮০ জন।
এরমধ্যে রাজশাহী মহানগরীর ৭১টিসহ রাজশাহীর ৪১৩টি পূজা মণ্ডপে ২ হাজার ৩১০ (মহানগরীর ৪২০ জন), চাঁপাইনবাবগঞ্জে ১২১টি পূজা মণ্ডপে ৭০৪, নওগাঁয় ৭০৭টি মণ্ডপে ৪ হাজার ১১৪, নাটোরে ৩৪৬টি মণ্ডপে ২ হাজার ২২ জন, পাবনায় ৩৩৪টি মণ্ডপে ২ হাজার ৯৮ জন, সিরাজগঞ্জে ৪৫৪টি মণ্ডপে ২ হাজার ৬০০ জন, বগুড়ায় ৬০৫টি মণ্ডপে ৩ হাজার ৪০৬ জন ও জয়পুরহাটে ২৭৩টি মণ্ডপে ১ হাজার ৬২০ জন আনসার নিরাপত্তার দায়িত্ব পালন করেবে।
এবারে বিভাগের ৮ জেলায় অধিক ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপের সংখ্যা ৯৪৫টি। এর মধ্যে মহানগরীর ১৩টিসহ রাজশাহীর ৭১, চাঁপাইনবাবগঞ্জে ৩৭, নওগাঁয় ২১১, নাটোরে ১০৭,পাবনায় ১৩৯, সিরাজগঞ্জে ১৪০, বগুড়ায় ১৪৩ ও জয়পুরহাটে ৮৪টি পূজা মণ্ডপকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

