স্পোর্টস ডেস্ক : যেন ইংলিশ জায়ান্টদের জয়ের জন্যই উৎসর্গিত এই রাতটি। হারতে হারতে জয় ভুলে যাওয়া চেলসি পেয়েছে জয়ের দেখা, গোল বন্যায় প্রতিপক্ষকে ভাসিয়েছে ম্যানসিটি, জিতেছে ম্যানইউ। তাহলে আর্সেনাল বাদ যাবে কেন? তারাও জিতেছে। ওয়াটফোর্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।
ভিকারেজ রোড স্টেডিয়ামে খেলতে গিয়ে গানারদের মনেই হয়নি, তারা অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেছে। বরং স্বাচ্ছন্দে খেলে স্বাগতিক ওয়াটফোর্ডকে হারিয়েছে তারা। তবে স্বাগতিকরাও কম যায়নি। প্রথমার্ধ তো দুরে থাক, খেলার এক ঘন্টারও বেশি আর্সেনালকে আটকে রেখেছিল তারা।
শেষ পর্যন্ত ৬২ মিনিটে স্বাগতিকদের গোলের দরজা খুলতে পেরেছিল ওয়েঙ্গারের শিষ্যরা। চিলিয়ান স্ট্রাইকার আলেক্সিজ সানচেজ গোলের সূচনা করেন। ৬৮ মিনিটে দ্বিতীয় গোল করেন ফরাসি স্ট্রাইকার অলিভার জিরুড। ৭৪ মিনিটে তৃতীয় গোল করেন অ্যারোন রামসি।
এই জয়ে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো আর্সেনাল। সমান পয়েন্ট ম্যানইউ’রও। তবে গোল ব্যবধানে এগিয়ে আর্সেনালই। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানসিটি।

