বিনোদন ডেস্ক : আর মাত্র চার দিন! তারপরই বলিউডের পর্দায় মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের বহুল প্রতীক্ষিত হার্টথ্রব অভিনেতা শহীদ কাপুর অভিনীত ছবি ‘শানদার’ । অথচ এ নিয়ে ভয়ে আছেন তার স্ত্রী মীরা কাপুর! কারণ বিয়ের পর এটাই যে তার স্বামীর প্রথম ছবি! অনেকে আবার প্রতীক্ষায় আছেন মীরার স্বামী ভাগ্য দেখার জন্য!
সর্বশেষ শহীদ কাপুরকে বিশাল ভরদ্বাজের আলোচিত ও বাণিজ্যিসফল ছবি ‘হায়দার’-এ দেখা গিয়েছিল। তাও সেটা ২০১৪ সালে। এরপর ‘অ্যাকশন জ্যাকসন’-এ বিশেষ উপস্থিতি থাকলেও চলতি বছরে কোনো ছবি মুক্তি পায়নি তার। আর এরমধ্যে ধুমধাম করে গত জুলাইয়ের সাত তারিখে দিল্লীর মেয়ে মীরা রাজপুতকে বিয়েও করেছেন শহীদ। আর বিয়ের পর চলতি মাসের ২২ তারিখে আলিয়া ভাটের সাথে মুক্তি পেতে যাচ্ছে ছবি ‘শানদার’। এখন সবাই উম্মুখ হয়ে আছেন মীরার ভাগ্য দর্শনে!
আর এমন পরিস্থিতিতে চুপ করে নেই মীরা রাজপুতও। সবাই যখন মীরার স্বামী ভাগ্য দর্শনের অপেক্ষায় ঠিক সেসময় মুখ খুললেন মীরা। তিনি আগাম জানিয়ে দিলেন, বিকাশ বলের ছবি ‘শানদার’ হবে তার স্বামীর ক্যারিয়ারে সবচেয়ে বাণিজ্যসফল ছবি।
অন্যদিকে স্ত্রীর মত ‘শানদার’ নিয়ে বেশ আশাবাদী শহীদ কাপুরও। সম্প্রতি ছবির প্রমোশনের এক ফাঁকে শহীদ হুট করে বলেই ফেললেন যে ‘শানদার’ তার ক্যারিয়ারের অন্যতম একটি ছবি হতে চলেছে। তার এমন কথায় নড়েচড়ে বসে উপস্থিত মিডিয়ার লোকজন। কেউ কেউ নিজেদের মধ্যে বলাবলিও শুরু করেন যে, তাহলে কি ‘শানদার’ শহীদ অভিনীত ‘হায়দার’ থেকেও তাৎপর্যপূর্ণ? তবে সে যাই হোক, শহীদ অভিনীত ‘শানদার’ ছবিটিতে যে তার বিয়ের একটি প্রভাব পড়তে চলেছে এটা তার স্ত্রী মীরার কথায় বোঝা গেছে!
উল্লেখ্য, মুক্তির প্রতীক্ষায় থাকা ছবি ‘শান্দার’ অক্টোবরের ২২ তারিখে মুক্তির কথা রয়েছে। এই ছবিতে শহীদ আলিয়া ছাড়াও রয়েছেন শহীদ কাপুরের বাবা পঙ্কজ কাপুর এবং বোন সানা কাপুর। সব মিলিয়ে ছোট খাটো একটা পরিবারই ‘শানদার’-এ অভিনয় করছে তার। ফলে মীরা রাজপুত ও শহীদ কাপুরের একটু বেশী উচ্ছ্বাসতো মেনে নেয়া যেতেই পারে! তবে এখন শুধু ‘শানদার’ মুক্তির অপেক্ষা!

