ঢাকাSaturday , 17 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইনিংস ব্যবধানে জিতলো শ্রীলংকা

Link Copied!

srilankaস্পোর্টস ডেস্ক : রঙ্গনা হেরাথ ও থারিন্দু কুশলের বোলিং তোপে পড়ে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ইনিংস পরাজয় ‘লজ্জা’ নিয়ে মাঠ ছাড়লো সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে শ্রীলংকার চেয়ে ২৩৩ রানে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২২৭ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। ফলে গল টেস্টে ইনিংস ও ৬ রানের জয় দিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে যায় অ্যাঞ্জেলো ম্যাথিউজের দল।
ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস পরাজয়ের ‘লজ্জা’ থেকে উদ্ধার করতে জার্মেইন ব্লাকউড আপ্রাণ চেষ্টা করেছিলেন। তবে সঙ্গীদের ব্যর্থতায় শেষ রক্ষা হয়নি ক্যারিবিয়ানদের। ইনিংস পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় জেসন হোল্ডারের দলকে।
দ্বিতীয় ইনিংসে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৯২ রানের অসাধারণ এক ইনিংস উপহার দেন জার্মেইন ব্লাকউড। ১৩৫ বলে ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে তিনি এই রান করেন। এছাড়া ৩০ এর কোটা স্পর্শ করতে পেরেছিলেন শুধু ক্রেইগ ব্রাফেট ও ড্যারেন ব্রাভো। ব্রাফেট ৩৪ ও ব্রাভো করেন ৩১ রান। আর কেউই ২০ এর কোটাও স্পর্শ করতে পারেননি।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ধস নামান শ্রীলংকান স্পিনার রঙ্গনা হেরাথ। প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়া এই লংকান স্পিনার দ্বিতীয় ইনিংসে নেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে হেরাথকে যোগ্য সঙ্গ দেন আরেক স্পিনার থারিন্দু কুশল ও পেসার ধামিকা প্রসাদ। দুজনই নেন ২টি করে উইকেট।
শনিবার টেস্টের চতুর্থ দিন ২ উইকেটে ৬৭ রান নিয়ে খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তবে নুয়ান প্রদীপ ও রঙ্গনা হেরাথের বোলিং তোপে পড়ে ২১ রান তুলতেই আরো তিন উইকেট হারিয়ে পরাজয় ডেকে আনে ক্যারিবিয়ানরা। একে একে ফিরে যান দেবেন্দ্র বিশু, মারলন স্যামুয়েলস ও ড্যারেন ব্রাভো।
তবে ষষ্ঠ উইকেটে দিনেশ রামদিনকে নিয়ে ৪৮ ও সপ্তম উইকেটে অধিনায়ক জেসন হোল্ডারকে নিয়ে ৩৬ রানের জুটি গড়ে দলকে ইনিংস পরাজয়ের লজ্জা থেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন জার্মেইন ব্লাকউড। কিন্তু হেরাথ ও ধামিকা প্রসাদের বোলিং তোপের পাশাপাশি ম্যাথিউজের দুর্দান্ত ফিল্ডিংয়ে ১৭২ থেকে ১৮৯- এই ১৭ রানের ব্যবধানে হোল্ডার, কেমার রোচ ও জেরোমি টেলরকে হারিয়ে নিজেদের পরাজয়কে তরান্বিত করে ক্যারিবিয়ানরা। হোল্ডারকে রান আউট করেন ম্যাথিউজ। কেমার রোচকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন হেরাথ, আর টেলরকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ধামিকা প্রসাদ।
দলীয় ১৮৯ রানের মাথায় জেরোমি টেলর যখন নবম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন তখনও ইনিংস পরাজয় এড়াতে ৪৪ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। শেষ ব্যাটসম্যান শেনন গ্যাব্রিয়েলকে নিয়ে সেই অসাধ্যকে প্রায় সাধন করে ফেলেছিলেন ব্লাকউড। কিন্তু শেষ রক্ষা আর হয়নি সফরকারীদের। ইনিংস পরাজয় এড়ানোর ৬ রান আগে ব্লাকউড আউট হয়ে গেলে ইনিংস ও ৬ রানের লজ্জাজনক পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় জেসন হোল্ডারের দলকে।
শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২২ অক্টোবর কলম্বোর পি সারা স্টেডিয়ামে শুরু হবে। এরপর দল দুটি তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টি-২০ সিরিজে অংশ নিবে।