স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ভয়ানক বাজে অবস্থানে রয়েছে চেলসি। একের পর এক হার ও ড্রয়ের কারণে টেবিলের তলানিতে আছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। তবে হোসে মরিনহো আত্মবিশ্বাসী যে, পয়েন্ট টেবিলের মাঝামাঝিতে থেকে মৌসুম শেষ করলেও চেলসি তাকে কোচিং পদ থেকে ছাঁটাই করবে না।
চলতি মৌসুমের শুরুটা চেলসির জন্য ভীতি-জাগানিয়া। প্রথম আট ম্যাচ শেষে মাত্র দুটি জয়ে আট পয়েন্ট নিয়ে টেবিলের ১৬তম স্থানে রয়েছে হোসে মরিনহোর দল। ২০০৬-০৭ মৌসুমেও এমন বাজে ফলাফল করেছিল মরিনহোর অধীনে থাকা চেলসি। সেবার সেপ্টেম্বরে রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচকে ছাঁটাই করে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। তবে এবার তার পুনরাবৃত্তি ঘটবে না বলে বিশ্বাস এই ‘স্বঘোষিত’ স্পেশাল ওয়ানের।
হোসে মরিনহো বলেন, ‘এবারের প্রেক্ষাপট বিভিন্ন কারণে ভিন্ন। আমি মাত্র এখন যে প্রেক্ষাপটটি ভিন্ন মনে করছে তা নয়। বরং ২০১৩ সালে যখন আমি এখানে ফিরি তখন থেকেই ব্যাপারটি ভিন্ন। ২০১৩ সালে আমি যখন মালিক ও বোর্ডের সঙ্গে কথা বলি তখনই তারা আমাকে আশ্বাস দিয়েছিলেন। (সাউদাম্পটনের কাছে হারার পর) আমি মালিকের সঙ্গে সাক্ষাৎ করি। তখনও ব্যাপারটা স্পষ্ট হয় যে আমার ছাঁটাই হওয়ার সম্ভাবনা নেই।’
তবে ছাঁটাইয়ের সম্ভাবনা না থাকলেও বর্তমান ফলাফলে যে তিনি সন্তুষ্ট নন সেটি জানাতে ভুল করেননি হোসে মরিনহো, ‘অবশ্যই, এমন বাজে ফলাফলের পর সুখ আমার কাছ থেকে দূরে সরে গেছে। তবে আমি কখনোই নিজের ভবিষ্যত নিয়ে শঙ্কিত নই।’
প্রসঙ্গত, আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে শনিবার মাঠে নামতে যাচ্ছে হোসে মরিনহোর চেলসি। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে অ্যাস্টন ভিলার মুখোমুখি গতবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

