স্পোর্টস ডেস্ক : ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) জানিয়েছে, ফিফা প্রেসিডেন্ট পদে সেপ ব্ল্যাটারের উত্তরসূরি হিসেবে তারা উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিকে আর সমর্থন জানাবে না। শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এফএ এই ঘোষণা দেয়।
গত মে মাসের নির্বাচনে জয়ী হওয়ার মধ্য দিয়ে টানা পঞ্চমবারের মতো ফিফা সভাপতির পদে বসেন সেপ ব্ল্যাটার। তবে দুর্নীতির দায় মাথায় নিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে ফিফার জরুরি অধিবেশনে নতুন করে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
আগামী বছরের নির্বাচনে ব্ল্যাটারের উত্তরসূরি হিসেবে মিশেল প্লাতিনিই সবার চেয়ে ফেবারিট ছিলেন। তবে দুর্নীতির অভিযোগ উঠায় ব্ল্যাটারের পাশাপাশি প্লাতিনিকেও ফিফার নৈতিক কমিটি ৯০ দিনের জন্য বরখাস্ত করায় পিছু হটার সিদ্ধান্ত নিয়েছে এফএ। তারা প্লাতিনিকে সমর্থন করবে না স্পষ্ট জানিয়ে দেয়।
শুক্রবার এফএ এক বিবৃতিতে জানায়, ‘আমরা মিশেল প্লাতিনির আইনজীবীর সঙ্গে কথা বলেছি। অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন প্লাতিনি। আমরাও চাই তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করুন। তবে এ মুহূর্তে আমরা ফিফা সভাপতি পদে তার ওপর সমর্থন রাখতে পারছি না। আইনি কর্মকাণ্ড শেষে সব পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা সমর্থন স্থগিত রাখছি।
প্লাতিনির বিরুদ্ধে ২০১১ সালে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের কাছ থেকে সাড়ে ১৩ লাখ পাউন্ড গ্রহণের অভিযোগ তদন্ত হচ্ছে। তদন্তের স্বার্থে ফিফার সেক্রেটারি জেনারেল জেরম ভালকেসহ প্লাতিনি এবং ব্ল্যাটারকে ফিফা থেকে ৯০ দিনের জন্য বরখাস্ত করে সংস্থাটির নৈতিকতা কমিটি।
মহাদেশীয় ফুটবল সংস্থা উয়েফার বৈঠক শেষে গত বৃহস্পতিবার ইউরোপের ফেডারেশনগুলো সভাপতি মিশেল প্লাতিনির পাশে থাকার ঘোষণা দেয়। তবে শক্তিশালী ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন সমর্থন প্রত্যাহার করে নেয়ায় বেকায়দায় পড়তে পারেন ফ্রান্সের সাবেক এই কিংবদন্তী তারকা।

