স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের সাবেক কিংবদন্তী তারকা রাউল গঞ্জালেস নিউ ইয়র্ক কসমসের হয়ে চলতি মৌসুম শেষেই তার ২১ বছরের পেশাদার ক্যারিয়ারের ইতি টানবেন বলে ঘোষণা দিয়েছেন। আগামী নভেম্বরে দক্ষিণ আমেরিকান সকার লিগের ২০১৫ মৌসুমের পর্দা নামবে। মৌসুম শেষে বুটজোড়া তুলে রাখবেন এই স্প্রানিশ স্ট্রাইকার।
বৃহস্পতিবার বিদায় ঘোষণার সময় রাউল বলেন, ‘গত ডিসেম্বরে আমি যখন নিউ ইয়র্ক কসমসের হয়ে চুক্তি সাক্ষর করি, তখনই আমি বলেছিলাম মৌসুম শেষে আমি কেমন অনুভব করি তা মূল্যায়ন করবো এবং খেলা চালিয়ে যেতে পারি কী-না সেটিরও মূল্যায়ন করবো। আমার সিদ্ধান্ত হলো চলতি মৌসুম শেষে খেলা থেকে অবসর গ্রহণ করবো। আমি মৌসুমটি দারুণভাবে শেষ করার প্রতি মনোযোগ দিচ্ছি এবং নিউ ইয়র্ক কসমসকে নর্থ আমেরিকান সকার লিগ (এনএএসএল) চ্যাম্পিয়নশিপ জেতাতে সাহায্য করতে চাই। আগামী মাসগুলোতে আমি আমার ক্যারিয়ারের পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবো।’
বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেয়াটা সহজ ছিল না জানিয়ে স্প্যানিশ তারকা রাউল গঞ্জালেস বলেন, ‘দীর্ঘদিন ধরে ফুটবল খেলাটা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। সুতরাং, অবসরের সিদ্ধান্ত নেয়াটা খুব একটা সহজ ছিল না। কিন্তু আমি মনে করি, বিদায় বলার এটাই সেরা সময়। ক্যারিয়ার-জুড়ে আমার প্রতি যারা সমর্থন ব্যক্ত করেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আগামী দিনগুলোতে আমি নিউ ইয়র্ক কসমসের হয়ে নিজের শেষ ম্যাচগুলো খেলার প্রতি পূর্ণ মনোযোগ নিয়ে অপেক্ষা করছি।’
৩৮ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার রাউল গঞ্জালেস ২০১০ সালে রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়েন। সম্প্রতি রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে ক্রিশ্চিয়ানো রোনালদো ভাগ বসান। রিয়াল ছেড়ে যাওয়ার পর জার্মান ক্লাব শালকে-০৪ এ দুই বছর কাটান এই কিংবদন্তী তারকা। এরপর কাতারের আল সাদের হয়ে খেলেন তিনি। গত বছরের ডিসেম্বরে মেজর সকার লিগের এক স্তরের নিচের লিগের দল নিউ ইয়র্ক কসমসে নাম লিখান এই স্প্যানিশ তারকা।
১৯৯৪ থেকে ২০১০ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য শিরোপা জয় করে রাউল গঞ্জালেস। সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটির হয়ে ৬টি স্প্যানিশ লা লিগা, ৩টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ও ৬টি স্প্যানিশ সুপার কাপ শিরোপা জয় করেন তিনি। এছাড়া ১৯৯৬ থেকে ২০০৬ পর্যন্ত স্পেন জাতীয় দলের হয়ে ১০২ ম্যাচে ৪৪ গোল করেন এই সাবেক রিয়াল তারকা।
চলতি মৌসুমে এনএএসএলে ২৬ ম্যাচে অংশ নিয়ে সাত গোল করে নিউ ইয়র্ক কসমসকে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করতে সাহায্য করেন রাউল গঞ্জালেস। ২৮ ম্যাচ শেষে সর্বোচ্চ ৫০ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে রয়েছে রাউলের দল। আগামী ৭ নভেম্বর এনএএসএলের শেষ ম্যাচে স্পেনের এই কিংবদন্তী তারকার বর্ণাঢ্য ক্যারিয়ারের আনুষ্ঠানিক ইতি ঘটতে পারে।

